প্রতীকী ছবি
গরম পুরোপুরি শুরু না হলেও রাজধানীতে শুরু হয়েছে লোডশেডিং। সময়ের হিসেবে এলাকাভেদে কমবেশি রয়েছে। তবে গ্রামের পরিস্থিতি এরই মধ্যে অসহনীয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এ নিয়ে ট্রল করছেন। কেউ কেউ বলছেন, গ্রামে বিদ্যুৎ যায় না, আসে।
কাগজে-কলমে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শতভাগ বিদ্যুতায়িত। ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেই সুবাদে লোডশেডিংয়ের যন্ত্রণাও ঘরে ঘরে। উত্তরাঞ্চলের আবহাওয়া বৈচিত্রময়। দিনে রোদ ও গরম থাকলেও রাতের পরিবেশ এখনো শীতল। তাই রাতে ফ্যানের খুব একটা প্রয়োজন নেই। তবে লোডশেডিং শুরু হওয়ায় ভবিষ্যতের দিনগুলো নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এ জনপদের মানুষ।
সেখানকার একজন স্কুল শিক্ষক জানালেন, দিনে-রাতে লোডশেডিং হচ্ছে। ২৪ ঘণ্টার অন্তত তিন ভাগের এক ভাগ সময় বিদ্যুৎ থাকে না। এখন এই অবস্থা হলে সামনে যখন তাপমাত্রা বাড়বে তখন কী হবে সেটি বোঝা কঠিন কিছু না। গত বছরও তীব্র লোডশেডিং ছিল বলে জানান তিনি।
পাওয়ার সেলের তথ্যমতে, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে ৩০ হাজার ৬৭ মেগাওয়াট। এটা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ। গত বছরের ১৯ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৬৬ লাখ।
পিডিবি ও পিজিসিবি’র হিসাব মতে, গত মঙ্গলবার রাত ৮টায় সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ৭০০ মেগাওয়াট। ওই সময়ে সর্বোচ্চ উৎপাদন হয় ১৪ হাজার ২০৪ মেগাওয়াট। এসময় ঘাটতি ছিল ৪৯৬ মেগাওয়াট। অর্থাৎ তখন গ্রাহক পর্যায়ে ৪৯৬ মেগাওয়াট বা তারচেয়ে বেশি লোডশেডিং করতে হয়েছে।
লোডশেডিং বাড়ার কারণ জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন জানান, গ্যাস সরবরাহের কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। আশা করি, দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।
দেশে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম। তবে বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে অনেকগুলো কেন্দ্র। দেশীয় উৎস থেকে জ্বালানির চাহিদা মেটাতে না পারা এবং জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় টাকা ও মার্কিন ডলারের যোগান না থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এমন থাকলে চলতি বছরের সামনের দিনগুলোতে লোডশেডিং আরো বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, বর্তমানে রমজানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৫ হাজার মেগাওয়াট। এ বছর গরমে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত বাড়তে পারে বলে প্রাক্কলন রয়েছে। জ্বালানি তথা তেল, গ্যাস ও কয়লার সরবরাহ না বাড়ালে তখন লোডশেডিংজনিত সংকট আরও বাড়বে।
ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডিপিডিসি ও ডেসকো জানায়, সরবরাহ ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। তবে কারিগরি ত্রুটির কারণে কিছু কিছু এলাকায় বিভিন্ন সময় বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে।
তবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না এমন অভিযোগ তুলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বিতরণে ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়ার কিছু স্থানে অপেক্ষাকৃত বেশি লোডশেডিং হচ্ছে। চট্টগ্রামে লোডশেডিংয়ের অভিযোগ রয়েছে গ্রাহকদের। লোডশেডিং কম বরিশাল বিভাগে।
পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রগুলোতে দৈনিক অন্তত ২৩২ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই চাহিদামাফিক গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে সক্ষমতার অর্ধেকও উৎপাদন হচ্ছে না। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৮৭-৮৮ কোটি ঘনফুট। গ্রীষ্মে পিডিবি অন্তত ১৫০ কোটি ঘনফুট সরবরাহের দাবি জানিয়েছে পেট্রোবাংলাকে।
মঙ্গলবার (০২ এপ্রিল) গ্যাস থেকে সর্বোচ্চ উৎপাদন করা হয়েছে ৫ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাড়ে ৪ হাজার মেগাওয়াট থাকলেও সেখান থেকে উৎপাদন হয়েছে ৪ হাজার মেগাওয়াটেরও কম। তেলভিত্তিক কেন্দ্রগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৭ হাজার মেগাওয়াট হলেও এগুলো থেকে দিনে ১ হাজার মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ফলে হিসেবের খাতায় বিদ্যুৎ উৎপাদনে বিপ্লবের কথা বলা হলেও প্রকৃত অবস্থা মোটেও ভালো নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
