Logo
Logo
×

সংবাদ

ফেসবুক জরিপ

বুয়েটের ৯৯% শিক্ষার্থী ছাত্ররাজনীতি চান না

Icon

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পিএম

বুয়েটের ৯৯% শিক্ষার্থী ছাত্ররাজনীতি চান না

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৯৯ শতাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে। ১ শতাংশেরও কম শিক্ষার্থী চান বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালু হোক।

সম্প্রতি বুয়েটের সংশ্লিষ্টদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপে (বুয়েটে আড়িপেতে শোনা) একটি জরিপ চালানো হয়। সেখানেই এই তথ্য উঠে আসে।

এই ফেসবুক পোলে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ভোট দেন। তাদের প্রায় সবাই ছাত্ররাজনীতির বিরুদ্ধে। এ বিষয়টি এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মুহাম্মদ লুৎফর রহমান। তার ওই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ২০১৯ সালে বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ; ফাইয়াজ নিজেও বুয়েটের বর্তমান শিক্ষার্থী।

ফেসবুক পোস্টটিতে বলা হয়, ‘বুয়েট কমিউনিটির ঠিক কতজন বুয়েটে  ছাত্ররাজনীতির পক্ষে? আসুন সত্যিকারের ডাটা নিয়ে কথা বলি। ফেসবুকে বুয়েটের সবচেয়ে বড় একটা গ্রুপ আছে। গ্রুপটির নাম ‘বুয়েটে' আড়িপেতে শোনা’। অনেক মজার মজার কাজ হয়। অনেক ভালো কাজ হয়। মাঝে মাঝে তুমুল তর্কবিতর্কও হয়। এই গ্রুপে ভেরিফাই করে মেম্বার যোগ করা হয়। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা ২৪০০৫। আমার জানামতে বাংলাদেশে এইটি একমাত্র গ্রূপে যেখানে সদস্যদের ভোটে ছয় মাসের জন্য অ্যাডমিন প্যানেল নির্বাচিত হয়।’

‘কাজের কথায় আসি। দুইদিন আগে আড়িপাতায় একটি পোল খোলা হয়েছে। পোলটির প্রশ্ন ছিল : বুয়েটে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত? অপশন দুটি ছিল: হ্যাঁ, থাকা উচিত; না, থাকা অনুচিত। এই পোস্ট লেখার আগ পর্যন্ত সর্বমোট ৪৭৯৬ জন ভোট দিয়েছে এই পোলে। হ্যাঁ’তে ভোট পড়েছে ২০টি আর নাতে ভোট পড়েছে ৪৭৭৬। মানে বুয়েট কমিউনিটির শতকরা ০.৪১ ভাগ  মানুষ বুয়েটে রাজনীতি দেখতে চায়। বাকি ৯৯.৫৯ ভাগ মানুষ বুয়েটে রাজনীতি দেখতে চায় না। মেসেজ কি ক্লিয়ার? পুনচ্চ, জোর করে অনেক কিছুই করানো যায়।  তাতে ভালোর চেয়ে খারাপই বেশি হয়।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন