Logo
Logo
×

সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন-বোনাস নিয়ে শঙ্কা

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন-বোনাস নিয়ে শঙ্কা

১৫ শতাংশ কর দেওয়ার ব্যাপারে সুপ্রীম কোর্টের আদেশের পর বেকায়দায় পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আয়কর না দেয়ার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে বকেয়া কর পরিশোধের জন্য চিঠি দেয়া হয়েছে দুই ডজনের বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে।

এদিকে ঈদের আগে ব্যাংক হিসাব জব্দ করায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। দ্রুতই তা খুলে না দিলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে আবেদন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

গত ২৭ ফেব্রুয়ারি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে বলে রায় দেন আপিল বিভাগ। এরপর থেকে রাজস্ব বোর্ড এ কর আদায়ে তোড়জোড় শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কর পরিশোধের জন্য চিঠি দিয়েছে এনবিআর। এর মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

ব্যাংক জব্দ হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি।

এছাড়া কর পরিশোধের জন্য চিঠি দেয়া হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে।

ঢাকার বিভিন্ন কর অঞ্চল থেকে এসব চিঠি পাঠানো হয়। এতে আয়কর আইন ২০২৩-এর ২১৪ ধারা মোতাবেক বকেয়া কর পরিশোধের জন্য বলা হয়। ২০০২-০৩ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত বিগত ১৬ অর্থবছরে মোট ১৮০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৫৬৪ টাকা কর পরিশোধ করতে বলা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিকে। সেই সঙ্গে তা ১৫ মার্চের মধ্যে পরিশোধের জন্য সময় বেঁধে দেয়া হয়। কর প্রদানে ব্যত্যয় হলে আয়কর আইন ২০২৩-এর ২৭৫ ধারা অনুযায়ী জরিমানা আরোপসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় এনবিআরের ওই চিঠিতে।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, এনবিআর থেকে কর পরিশোধের চিঠি পেয়েছি। তবে ব্যাংক হিসাব জব্দের বিষয়ে এনবিআর কোনো চিঠি এনএসইউকে দেয়নি। মূলত ব্যাংক থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। বিষয়টি যেহেতু আইনী তাই আইনজীবীর মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। এর কারণে বেতন ঈদ বোনাস নিয়ে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

গত ফেব্রুয়ারি মাসে ২০২১ সালে ৯ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ আপিল নিষ্পত্তি না পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে এনবিআরকে নির্দেশ দেয়া হয়।

২০০৭ সালে ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। তখন ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, তাদের উদ্ভূত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনর্নির্ধারণ করা হলো। ১ জুলাই থেকে এটা কার্যকর হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন