ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন বাবা-মা ও সন্তানের মৃত্যু
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পিএম
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় বাবা-মা ও ছেলের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে তাদের মেয়ে।
আজ সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সোহাগ। আজ ভোর ৪টার দিকে বাবা নুরুল ইসলাম ও গতকাল রোববার দুপুরে মারা যান তার মা সুফিয়া বেগম।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি জানান, সোহাগের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিলো। তার মা সুফিয়া বেগমের ৮০ ও বাবা নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিলো।
তিনি জানান, সোহাগ আইসিইউতে আজ বেলা ১২টার দিকে মারা গেছে। একই আইসিইউতে আজ ভোরে মারা গেছেন তার বাবা নুরুল ইসলাম। সেখানে রোববার দুপুরে সোহাগের মা সুফিয়া বেগম মারা গেছেন। তাদের সবারই শ্বাসনালীও দগ্ধ হয়েছিলো। এই ঘটনায় সোহাগের বোন সাথী ১৬ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন।
এরআগে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধ চারজন হলেন নুরুল ইসলাম (৫৫), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০), মেয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী আল হাদী সোহাগ (১৮)।
দগ্ধদের বরাত দিয়ে তাদের স্বজনেরা জানান, মধ্যরাতে সাহ্রির জন্য রান্না করতে উঠেন সুফিয়া বেগম। রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন পরিবারটির ৪ জন। আগুন ধরে যায় আসবাবপত্রে। রাতেই তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তারা আরও জানান, লিকেজ হয়ে বাসায় জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ বলে ধারণা তাদের।
