ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার চার ইউনিটে গড়ে ১১% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এ বছর ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৮.৮৯ শতাংশ। কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ‘খ’ ইউনিটে পাসের হার ১০.০৭%। বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগের ‘গ’ ইউনিটে পাসের হার ১৩.৩%। চারুকলা অনুষদের ‘চ' ইউনিটে পাসের হার ১১.৭৫%।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ফল ঘোষণার সময় উপাচার্য জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
এবারের ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১,০২,০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১০,২৭৫ জন শিক্ষার্থী।
বিজ্ঞান ইউনিটে অংশ নেন ১,০৯, ৩৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৯,৭২৩ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা ইউনিটে অংশ নেন ৩৪,৩৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪,৫৮২ জন শিক্ষার্থী। এছাড়া চারুকলা ইউনিটে অংশ নেন ৪,৫১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫৩০ জন শিক্ষার্থী।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন প্রিয়ন্তী মন্ডল, তিনি সরকারি এমএম সিটি কলেজ খুলনার শিক্ষার্থী ছিলেন। তার প্রাপ্ত নম্বর ১০৫.২৫। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন প্রতীক রসূল, তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পেয়েছেন ১১১.২৫ নম্বর। ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর। তিনি পেয়েছেন ১০৫.৫০ নম্বর এবং চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৯৮.১৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী বাধন তালুকদার।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মোট আসন ২৯৩৪টি। এর মধ্যে মানবিকের জন্য ১৭০৭টি, বিজ্ঞানের জন্য ৯৪৪টি, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮৩টি। বিজ্ঞান অনুষদের আসন সংখ্যা ১৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য ১৭৭৫টি, মানবিকের শিক্ষার্থীদের জন্য ৫১টি, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীর জন্য ২৫টি। ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য মোট আসন ১০৫০টি। এর মধ্যে ব্যবসা শিক্ষার বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিকের শিক্ষার্থীদের জন্য ২৫টি। চারুকলা অনুষদের আসন সংখ্যা ১৩০টি।
