অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, অ্যানেস্থেশিয়ার ওষুধ পরিবর্তনের নির্দেশ
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১০:০৮ পিএম
অ্যানেস্থেশিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশের বিভিন্ন হাসপাতালে অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সরকারি ও বেসরকারি সব হাসপাতালের অপারেশন থিয়েটারে “ইনহেলেশনাল অ্যানেস্থেটিক” হিসেবে “হ্যালোথেন”-এর পরিবর্তে “আইসোফ্লুরেন বা সেভোফ্লুরেন” ব্যবহার করতে হবে।
বুধবার (২৭ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব বিষয়ে জানানো হয়।
আলাদা ওষুধ হলেও হ্যালোথেন, আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন রোগীকে অজ্ঞান করতে ব্যবহার হয়। একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ওষুধগুলো শরীরে প্রবেশ করালে রোগী অজ্ঞান হয়।
সম্প্রতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ান আহমদ এবং মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আহনাফ তাহমীদ আলম আয়হাম নামে দুই শিশুকে খতনা করানোর জন্য অজ্ঞান করা হলে ওই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় দেশে সঠিক পদ্ধতিতে অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে।
এছাড়া ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অ্যান্ডোকপি করার জন্য অ্যানেস্থেশিয়া ব্যবহারে দুই রোগীর মৃতুতে তাদের স্বজনরা চিকিৎসক ও হাসপাতালের অব্যবস্থাপনা ও গাফিলতির অভিযোগ আনেন।
এমন পরিস্থিতিতে অ্যানেস্থেশিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অ্যানেস্থেশিয়ার কারণে কতিপয় রোগীর মৃত্যু ও আকস্মিক জটিলতা প্রতিরোধে এবং অ্যানেস্থেশিয়ায ব্যবহৃত ওষুধের গুণগত মান নিশ্চিতকল্পে অ্যানেস্থেশিয়াতে হ্যালোজেন ব্যবহার ও এর বিকল্প নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। এছাড়া অ্যানেস্থেশিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে হ্যালোথেন, আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন ভেপোরাইজারের সংখ্যা এবং এসব ভেপোরাইজার পরিবর্তন করে আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনে অর্থ বরাদ্দের প্রাক্কলন করতে হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া হ্যালোজেন ক্রয়-বিক্রয় ও ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে নির্দেশনা দেওয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে।
এছাড়া দেশের সব সরকারি, বেসরকারি অবেদনবিদদের (অ্যানেস্থেশিওলজিস্ট) নিয়ে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সব সরকারি হাসপাতাল থেকে বর্তমানে ব্যবহৃত হ্যালোথেন ডেপোরাইজারের পরিবর্তে আইসোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনের জন্যে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
নতুন অ্যানেস্থেশিয়া মেশিন কেনার ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে স্পষ্টভাবে আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন ভেপোরাইজারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
