Logo
Logo
×

সংবাদ

স্বাধীনতা দিবসে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৯:১৩ পিএম

স্বাধীনতা দিবসে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

৫৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একইসঙ্গে লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে বিএসএফের গুলিতে লিটন পারভেজ (২২) নামে আরেক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

স্বাধীনতা দিবসের দিনে সীমান্তে বন্ধুপ্রতীম দেশের সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা আউটলুককে বলেন, আজকে দেশে গণতন্ত্র না থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশের ক্রীতদাসে পরিণত হয়েছে তারা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সীমান্তে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা দুঃখজনক ও হতাশাজনক।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্য মন্ত্রীরা প্রকাশ্যে বলেন- ভারত পাশে ছিল বলে তারা ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। আর এ কারণে দেশের সীমান্তে বাংলাদেশিরা মারা গেলেও তারা প্রতিবাদ করার সাহস পান না।

মঙ্গলবার ভোরে নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তচৌকির (বিওপি) অদূরে মিলমারি এলাকায় বিএসএফের গুলিতে আল আমিন নিহত হন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আল আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর কলোনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানিয়েছেন, গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আল আমিন আরও কয়েকজনের সঙ্গে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর প্রধান স্তম্ভের পাশ দিয়ে ভারতের ভেতর যান। গরু নিয়ে নিতপুর সীমান্তের মিলমারি এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় আজ ভোর সাড়ে চারটার দিকে ভারতের মালদহ জেলার বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের আগ্রাবাদ ক্যাম্পের জওয়ানরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন গুলিবিদ্ধ হন। ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ভারতে এ ঘটনা ঘটেছে। পরে বিএসএফের সদস্যরা আল আমিনের মরদেহ নিয়ে যান।

নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক জানান, আল আমিন ভারত থেকে গরু আনা-নেওয়ার কাজ করতেন। টাকার বিনিময়ে রাখাল হিসেবে ভারত থেকে গরু নিয়ে আসতেন। গতকাল রাতে আল আমিন আরও ১০ থেকে ১২ জনের সঙ্গে গরু আনতে নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের তাড়া করেন। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান জানান, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে মিলমারি এলাকায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে লিটন পারভেজ আহত হয়েছেন। আহত লিটন দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত সোমবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে এক দল রাখাল অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। এসময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০-২৫ জন বাংলাদেশি তাদের উদ্ধার করতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। লিটন পারভেজ লাঠি নিয়ে একজন বিএসএফ সদস্যকে ধাওয়া করলে গুলি ছোড়ে বিএসএফ। বাকিরা পালিয়ে ফিরলেও সেই গুলিতে আহত হয়ে ভারতে পড়ে ছিলেন লিটন। পরে তাকে নিয়ে যায় বিএসএফ। কয়েক বছর আগেও এমনভাবে পাচার করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছিলেন লিটন পারভেজ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ। সেখানে তার চিকিৎসা চলছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন