Logo
Logo
×

সংবাদ

শিশু রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

Icon

ইউএনবি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৩:০১ এএম

শিশু রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চট্টগ্রামে ভুল চিকিৎসায় মারা যাওয়া আড়াই বছরের মেয়ে রাফিদা খান রাইফার মৃত্যুর ৬ বছর পর ৪ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৫ মার্চ) বিকালে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন।

অভিযুক্ত চার চিকিৎসক হলেন, নগরীর মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান, চিকিৎসাক বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার কথা স্বীকার করে পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অপরাধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় চারজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দিয়েছি। প্রসিকিউশন শাখা থেকে সেটি আদালতে দাখিল করা হবে। এরপর বিচারের জন্য প্রস্তুত হয়ে সেটি জজ আদালতে যাবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিচার শুরু হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের মেহেদীবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে দৈনিক সমকালের তৎকালীন স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের মেয়ে রাফিদা খান রাইফা মারা যায়।

রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন