রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে আগে যাওয়ার প্রতিযোগিতায় দুই লেগুনার পারাপারিতে আব্দুল মমিন (৩২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ দুটি লেগুনা জব্দ করা গেলেও পালিয়ে গেছে এর চালক।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডে কাজলার পাড় লাল মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মমিন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, সকালে দুটি লেগুনা ডেমরা থেকে ঢাকার ভিতরে ঢুকছিল। তবে দুটি লেগুনার চালক ওভারটেকিংয়ের জন্য পারাপারি করছিল। তখন একটি লেগুনা অন্যটিকে চাপা দিলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এতে লেগুনাটির চালকের পাশের সিটে বসা ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লেগুনা দুটিও জব্দ করা হয়েছে। তবে একটির চালককেও পাওয়া যায়নি।
এদিকে নিহত আব্দুল মমিনের খালাতো ভাই মো. শাহেদুল ইসলাম জানান, মমিনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। স্ত্রী ও এক সন্তান নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় থাকতেন। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। সকালে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন মেরাদিয়ায় তার বোনের বাসায় বেড়াতে। পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পবর্তিতে পুলিশের মাধ্যমে খবর পান তারা।
