Logo
Logo
×

সংবাদ

অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতদের ছাড় নয়: পলক

Icon

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৩:১৬ এএম

অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতদের ছাড় নয়: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট (ভিওআইপি) কার্যক্রম কোনো অবস্থাতেই চলতে দেয়া হবে না। বিটিআরসির উদ্যোগে এনটিএমসি এর সহযোগিতায় অভিযান চলছে এবং চলবে। কোনো মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সঙ্গে যোগসাজশ করে থাকলে তাদেরকে ছাড় দেয়া হবে না।

রবিবার (২৪ মার্চ) গাজীপুর জেলার টঙ্গীতে জব্দকৃত ভিওআইপি কাজে ব্যবহৃত সাড়ে এগার হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। অপারেটররা পরিবেশকদের মাধ্যমে যদি সিম বিক্রির ক্ষেত্রে সংযত না হয় তবে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে।

এনটিএমসি’র সহযোগিতায় র‌্যাব-১ গত ২৩ মার্চ টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করে এবং জড়িতদের আটক করেছে জানিয়ে পলক বলেন, জব্দকৃত  যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১ হাজার ৫০০টি সিম, কম্পিউটার ৩টি, ল্যাপটপ ২টি, মিনি পিসি ১টি, মডেম ৭টি, রাউটার ১৫টি এবং ৫টি নেটওয়ার্ক হাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, র‌্যাব -১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন