নেপালের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে দেশটির বাণিজ্যমন্ত্রী দামোদর ভান্ডারির সঙ্গে আলোচনা করেছেন সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (২৩ মার্চ) নেপালের একটি হোটেলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
তারা স্থানীয় বাংলাবান্ধা ও নেপালের কাকরভিটার মধ্যে স্থলপথে সহজ যোগাযোগ এবং বাণিজ্য সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।
শনিবার সকালে কাকরভিটা পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ৩৭ কিলোমিটার দূরে (ভারতের অংশ) কাকরভিটা স্থলবন্দর।
তিনি বলেন, ভারতের ৩৭ কিলোমিটার ভূমি ব্যবহার করে নেপাল কীভাবে সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপাল সরাসরি এই রুট ব্যবহারে একসঙ্গে কাজ করবে।
প্রতিমন্ত্রী শুক্রবার পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী স্থলবন্দর হয়ে ভুটানের ফুন্টশোলিং সীমান্ত পরিদর্শন করেন।
ফুয়েন্টশোলিং সীমান্তে ফুয়েন্টশোলিং গভর্নর কারমি জুরমি স্বাগত জানান। পরে প্রতিমন্ত্রী সীমান্ত থেকে পাসাখা স্থলবন্দরে যান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
ভুটানের সীমান্ত এলাকা ফুন্টসোলিং থেকে বাংলাবান্ধার দূরত্ব ১৪২ কিলোমিটার।
বৈঠকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন রোমান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের খণ্ডকালীন সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী উপস্থিত ছিলেন।
