চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে কৃচ্ছ্রতা সাধন নীতি নিয়েছে সরকার। তবে এর মধ্যেই পুলিশকে চাহিদার শতভাগ জ্বালানি তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট আলোচনার পর পুলিশকে শতভাগ জ্বালানি তেল দেওয়ার সিদ্বান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট খাতে বাজেট বরাদ্দের ৫৩৩ কোটি টাকার সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবে বাংলাদেশ পুলিশ।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব বিকাশ বিশ্বাস অর্থ বিভাগের সচিবকে এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিঠিতে সংশোধিত বাজেট বৈঠকে বাংলাদেশ পুলিশকে বাজেটের পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট খাতের সর্ম্পূণ অর্থ বরাদ্দ দেওয়া সিদ্বান্তের কথা জানিয়ে তা বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়।
জানা গেছে, গত তিন বছর ধরে সরকারের কৃচ্ছ্রতা সাধন নীতি অনুসারে পুলিশকে মোট পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট খাতে ৫৩৩ কোটি টাকার ৮০ শতাংশ দেওয়ার কথা ছিল। গত মাসে সংশোধিত বাজেট বৈঠকে বাংলাদেশ পুলিশের অর্থ বরাদ্দের আলোচনায় জ্বালানি তেলের ১০০ শতাংশই বরাদ্দ দেওয়ার তাগাদা দেওয়া হয়।
ওই বৈঠকে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের কর্মকর্তারা পুলিশের বিরোধী দল দমন আর নির্বাচন আয়োজনে তাদের ভূমিকা নিয়ে ধন্যবাদ দিতে বলেন। তারা পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট খাতে সম্পূর্ণ অর্থ বরাদ্দ চান।
অর্থ বিভাগের কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ কম হওয়া এবং বিদেশি তহবিলের অপ্রতুলতার কথা উল্লেখ করেন। এভাবে পুরো অর্থ বরাদ্দ না দেওয়ার পক্ষে মত দেন তারা। তবে বৈঠক শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থ বিভাগকে কৃচ্ছ্রতা সাধন নীতি বাংলাদেশ পুলিশের জন্য বিরত রাখতে বলা হয়। বৈঠকের পর সেই অনুসারে পুলিশের পক্ষে সিদ্বান্ত হয়।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ পুলিশের বাজেটের পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট খাতে ৫৩৩ কোটি টাকা বরাদ্দ ছিল। কৃচ্ছ্রতা সাধন নীতির আওতায় চলতি বছর এ খাতে বাজেটের ৮০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। ফলে বাংলাদেশ পুলিশের জন্য এই খাতে অর্থের পরিমাণ দাঁড়ায় ৪২৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে পেট্রোল, অয়েল ও লুব্রিক্যান্ট খাতে ৪৭৪ কোটি টাকা বরাদ্দ ছিল। যা ২০২৩-২৪ অর্থ বছরের থেকে ৪৭ কোটি টাকা কম।
চিঠিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের দাম কয়েক বছরে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে সঙ্গে পুলিশের মোটরযানের পরিমাণ বেড়ে গেছে। গত অর্থবছর থেকেই নির্বাচনকে সামনে রেখে ১০০টি ডাবল-কেবিন পিক-আপ পুলিশ ব্যবহার করেছে। নির্বাচনের আগে থেকে চলতি অর্থবছরে নতুনভাবে দুটি হেলিকপ্টার, ২৮টি ডাবল কেবিন পিক-আপ ভ্যান, চারটি জিপ, ৫৩টি মোটরসাইকেল বাংলাদেশ পুলিশ ব্যবহার করেছে।
চলতি বছর নির্বাচনের আগে এসব মোটরযান কেনার জন্য প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ পুর্লিশ। ২৮টি গাড়ি কেনার জন্য জরুরিভিত্তিতে ১৫ দশমিক ৪০ কোটি টাকা ছাড় করা হয়েছিল। সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব গাড়ি কেনা হয়। প্রতিটি গাড়ির দাম হবে ৫৫ লাখ টাকা।
এ বিষয়ে সাবেক পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার জিল্লুর রহমান বাংলা আউটলুককে বলেন, পুলিশ আর সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ২৮ অক্টোবর বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের রিরুদ্ধে যে নির্যাতন ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে তা দেশে আর পুলিশের কোনো কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে না।
তিনি আরও বলেন, পুরো বাহিনীর যেখানে শাস্তি ও বিচার হওয়া উচিৎ, সেখানে তারা নানাভাবে পুরস্কৃত হচ্ছে। বিষয়টি অদ্ভূত লাগছে আমার কাছে।
