Logo
Logo
×

সংবাদ

ঈদের বাজারে আগুন নিয়ে উদ্বেগ

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১১:৫৫ পিএম

ঈদের বাজারে আগুন নিয়ে উদ্বেগ

বঙ্গবাজারে আগুনের ছবি

ঈদ-উল-ফিতর আসন্ন। এখন সময় যত যাবে ঈদের কেনাকাটার জন্য শপিংমল ও বাজারগুলোতে মানুষের পদচারণা ততই বাড়বে। বাজার ও শপিংমলগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে, নতুন নতুন পণ্য এনে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এমন চিত্র দেখলেই অনুমান করা যায়, আর কদিন পরেই ঈদ। তবে এই সময়ে একটি বিষয় নিয়েও বেশ উদ্বেগ দেখা যাচ্ছে; অধিকাংশ শপিংমল বা বিপণী-বিতানে অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেই।

অধিকাংশ শপিংমল ও বাজারের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। ঈদ বাজারের এই ব্যস্ততম সময়ে স্বাভাবিকভাবেই সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যা একইসঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের জন্য প্রাণ সংশয়ের। উৎসবের আমেজ নিমিষেই বিষাদে পরিণত হতে পারে যে কোনো সময়।

সর্বশেষ গত ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোড এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উঁচূ ভবনগুলোর জন্য অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার তৈরি করেছে। বেইলি রোড ট্র্যাজেডির পর গেল কয়েক দিনে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বহুতল ভবন ও মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত বছর পরিচালিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি জরিপে দেখা গেছে, ঢাকার বাজার এবং শপিংমলগুলোর অধিকাংশই অগ্নি ঝুঁকিতে রয়েছে। কারণ এসব ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।

৫৮টি স্থানের ওপর পরিচালিত ওই জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ ভবনেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে।

ভবনগুলোকে অগ্নি দুর্ঘটনার ঝুঁকির মাত্রা বিবেচনায় অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সন্তোষজনক- এই তিন ক্যাটাগরিতে ভাগ করে ফায়ার সার্ভিস। ভবনগুলো থেকে বের হয়ে আসার ব্যবস্থা, অগ্নি নির্বাপণ যন্ত্রের প্রাপ্যতা ও জলাধারের ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়।

এতে দেখা যায়, ৯টি ভবন অতি ঝুঁকিপূর্ণ ও ৩৫টি ঝুঁকিপূর্ণ। আর বাকি ১৪টি ভবনের নিরাপত্তাব্যবস্থাকে সন্তোষজনক বলেছে ফায়ার সার্ভিস। এই চিত্র অবশ্যই আশঙ্কার।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বাংলা আউটলুককে বলেন, দেশের অধিকাংশ শপিংমল জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) মেনে চলে না।

বিএনবিসি অগ্নি নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এর মধ্যে রয়েছে ভবন থেকে দ্রুত বের হয়ে আসার ব্যবস্থা ও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, নিয়ম-কানুন ঠিকই আছে, কিন্তু খুব কম মানুষ সেটা মেনে চলছে। অর্থাৎ, এখানে আইন থাকলেও তার বাস্তবায়ন নেই। যা মানুষকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

অগ্নি নিরাপত্তার দুর্দশা

রাজধানীর বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে বহুতল শপিংমলগুলোর অগ্নি নিরাপত্তার বেহাল দশা দেখা গেছে। এসব জায়গায় একেবারে প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থাটুকুও নেই। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র, যেমন, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হাইড্রেন্ট এবং ফায়ার হোসেসের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিল খুবই নগণ্য। এর চেয়েও ভয়ংকর হলো- কিছু ভবনের জরুরি নির্গমন সিঁড়িও বন্ধ করে রাখা হয়েছে।

রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেট অগ্নি নিরাপত্তা ঝুঁকির অন্যতম দৃষ্টান্ত। চারতলা এই ভবনে দুই শতাধিক দোকান রয়েছে। এই সুপার মার্কেটে প্রবেশ এবং প্রস্থানের জন্য সাতটি সিঁড়ি রয়েছে। কিন্তু এই সিঁড়িগুলো আদতে সেই কাজে ব্যবহার করার সুযোগ নেই। সিঁড়িগুলোও দোকানের মতোই ব্যবহার হচ্ছে। সেখানে কোনোটাতে পোশাক স্তুপাকারে রেখে দেওয়া হয়েছে। আর ভবনের দেয়ালগুলোতে হাতেগোনা কয়েকটি অগ্নি নির্বাপক যন্ত্র দেখা গেছে।

চন্দ্রিমা সুপার মার্কেটের দোকানগুলোর মালিক এবং ক্রেতারা উভয়েই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সমানভাবে উদাসীন। মার্কেটের একটি টি-শার্টের দোকানের মালিক মাসুম বিল্লাহ বাংলা আউটলুককে বলেন, আমাদের জীবিকা নির্বাহ করতে হবে, তাই না? ভবন কর্তৃপক্ষ যদি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কী করতে পারি?

নার্গিস আক্তার নামে আগত এক নারী বলেন, এখানকার অগ্নি নিরাপত্তা নিয়ে তেমন চিন্তিত নই। এটি অন্তত যেসব ভবনে আগুন লাগছে সেগুলোর চেয়ে ভালো আছে। ওই ভবনগুলোর চেয়ে এটি কম ঝুঁকিপূর্ণ।

একই দশা রাজধানী সুপার মার্কেটেরও। প্রায় দেড় হাজার দোকান নিয়ে গঠিত রাজধানী সুপার মার্কেট ভবনটি অতি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। কিন্তু ভবনটির অগ্নি নিরাপত্তার ব্যবস্থা একেবারেই অবহেলিত। অগ্নিকাণ্ডের জন্য কোনোভাবেই এই ভবনটিকে প্রস্তুত রাখা হয়নি।

৩০০ দোকানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র পাওয়া যায়নি। পাশাপাশি বড় ধরনের আগুন নেভাতে সহায়ক ফায়ার হাইড্রেন্টের অভাব রয়েছে সেখানে।

তবে দোকান মালিকরা অসহায়ত্ব প্রকাশ করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক দোকান মালিক বলেন, আমাদের কেউ অগ্নি নিরাপত্তার ব্যাপারে কিছুই বলেনি। কোনো যন্ত্রও রাখতে বলেনি।

ফজনুন হক বিপ্লব নামে দোকান মালিক সমিতির এক নেতা বলেন, এসব অগ্নি নিরাপত্তা ব্যবস্থা করতে গেলে কম দামে আর কাপড় বিক্রি সম্ভব হবে না। এই বাজারটি ধনী লোকদের জন্য নয়। আমাদের এই সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র কেনার ক্ষমতা নেই।

যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী একই সঙ্গে বাংলাদেশ নেটওয়ার্ক অফিস ফর আরবান সেফটি’র (বিএনইউএস) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজধানীর শপিংমলগুলোতে অগ্নি নিরাপত্তা নিয়ে তার সঙ্গে কথা বলেছে বাংলা আউটলুক। তিনি যে তথ্য দিয়েছেন তা ভয়াবহ। তার তথ্যমতে, ভবন মালিক ও দোকানিদের মধ্যে অগ্নি নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে।

তিনি বলেন, সরকারের যে বিধি আছে তা নিয়ে অধিকাংশ ভবন ও দোকান মালিকই অসচেতন, তারা কোনোভাবেই সেগুলো মেনে চলতে চান না।

একটি শপিংমলে উপস্থিতির ওপর ভিত্তি করে বিএনবিসি ভবনের সিঁড়ির নীতিমালা দিয়েছে। সে অনুযায়ী ভবনে ৫০ থেকে ৫০০ জন লোকের জন্য দুটি সিঁড়ি, ৫০০ থেকে ১০০০ জনের জন্য তিনটি এবং এক হাজারের বেশি ক্রেতা হলে চারটি সিঁড়ি বাধ্যতামূলকভাবে থাকতে হবে। যদিও বাস্তবে এই নির্দেশনা অনেকটাই উপেক্ষিত।

ফায়ার প্রোটেকশন অ্যাক্ট ২০০৩ অনুযায়ী, ১০০০ জনের অধিক ধারণক্ষমতাসম্পন্ন ভবনের প্রতি তলায় ন্যূনতম দুটি ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। এছাড়া একটি ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট, একটি জলাধার এবং ভবনের ছাদে পানির মজুদসহ একটি ট্যাংক থাকতে হবে। তবে এই নিরাপত্তা ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই উপেক্ষিত।

ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, যে ভবনে ৩০০ দোকান রয়েছে সেখানে প্রতিদিন অন্তত ৮ হাজার ক্রেতার সমাগম হয়। এই ধরনের জায়গায় একটি ফায়ার অ্যালার্ম সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শপিংমলগুলোতে প্রতিটি তলায় শক্তিশালী ফায়ার ফাইটিং সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম, একাধিক বহির্গমন সিঁড়ি ও লিফট থাকতে হবে। তা নাহলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই থাকবে। আর এরপর কিছুদিন তোড়জোড় দেখা ছাড়া আমাদের কিছুই করার থাকবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন