Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ-ভারত সমন্বিত চেকপোস্টে উভয়েই লাভবান হবে: বিজিবি মহাপরিচালক

Icon

ইউএনবি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০২:৫৮ এএম

বাংলাদেশ-ভারত সমন্বিত চেকপোস্টে উভয়েই লাভবান হবে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আইসিপি (সমন্বিত চেকপোস্ট) চালু হলে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি অনেক সমৃদ্ধ ও লাভবান হবে।

তিনি বলেন, জাপানসহ বিশ্বের অনেক দেশ আইসিপির উভয় পাশে বিনিয়োগ করছে। এই আইসিপি চালু হলে নিঃসন্দেহে সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করবে।

শুক্রবার (২২ মার্চ) খাগড়াছড়ির রামগড় বিজিবি স্মৃতিসৌধ এলাকায় সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়কালে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

এর আগে তিনি রামগড় ব্যাটালিয়নের সদর দপ্তর (৪৩ বিজিবি), রামগড় স্থলবন্দর সংলগ্ন আইসিপি এবং ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা এবং বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

বিজিবি মহাপরিচালক বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন দেশের অর্থনীতির চাকা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এটি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।’

রামগড় স্থলবন্দরের অবস্থান সম্পর্কে মহাপরিচালক বলেন, এক্ষেত্রে নিরাপত্তার মাত্রা কিছুটা ভিন্ন হবে। সে জন্য এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

একই সঙ্গে যেহেতু এখানে মৈত্রী সেতু রয়েছে এবং চট্টগ্রাম বন্দর থেকে অন্যান্য স্থানের তুলনায় এখানকার সড়ক কম দূরত্বে তাই পারস্পরিক বাণিজ্যের নতুন সমৃদ্ধির দ্বার উন্মোচিত হবে। এটি সব দিক থেকে আরও কার্যকর বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, মিয়ানমারের ১৭৭ জন বিজিপি সদস্য দেশটিতে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আগে যেভাবে ফেরত পাঠানো হয়েছিল,তাদেরকেও সেভাবে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় সীমান্ত এলাকার ২৫০টি দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি প্রধান।

এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, গাইমারা সেক্টর কমান্ডার ও রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন