Logo
Logo
×

সংবাদ

ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতার দাবি

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম

ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতার দাবি

বকেয়া ভাতা পরিশোধসহ ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর দেড়টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।

ডা. জাবির হোসেন লিখিত বক্তব্যে বলেন, দেশের প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। 

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তাদের মাসিক ভাতা ২০১৬ সালে ১৫ হাজার করা হয়। ২০২৪ সালে এসেও তার কোন বৃদ্ধি হয়নি। দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে একজন ইন্টার্ন কিভাবে ১৫ হাজার টাকায় সংসার চালাবে- সেটা এখন সবার প্রশ্ন। গত বছর ২০ হাজার উন্নীত করার আশ্বাস দেয়া হলেও সেটার কোন বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজার মূল্যর সাথে মিল রেখে ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবি এখন যুক্তিসঙ্গত।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর অধীনে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টররা গত ৯ মাস ধরে ভাতাবঞ্চিত। বিগত ২-৩ মাস ধরে নানা তাল বাহানা এবং দিনতারিখ দেয়ার পরও এখন অবধি টাকা দিতে সমর্থ হননি বিসিপিএস কর্তৃপক্ষ।

সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে প্রাইভেট রেসিডেন্ট ও নন রেসিডেন্ট ডক্টরদের ভাতাও বকেয়া আছে। বন্ধ ভাতা চালু ও ভাতা বৃদ্ধির দাবিতে বর্তমানে কর্মবিরতি পালন করছেন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন