Logo
Logo
×

সংবাদ

৩০০ ফিট সড়কে পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৪:৪৯ এএম

৩০০ ফিট সড়কে পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর ৩০০ ফিট সড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মঞ্জুরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মামা ইসলাম উদ্দিন (৫৫) নামে আরও একজন।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১টার দিকে মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা কাজী রবিন জানান, গাজীপুর চৌরাস্তায় তাউফিকা বাটিক হাউজ নামে থ্রি পিসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মঞ্জুরুলের। নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়ায়ও আরেকটা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে সকালে পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে যাচ্ছিলেন গাজীপুর। গাড়িটিতে ছিলেন তার মামা ব্যবসায়ী ইসলাম উদ্দিন, কর্মচারী কাজী রবিন, ড্রাইভার ও আরেকজন। গাড়িটি ৩০০ ফিট রাস্তায় চলার পথে কুড়িলের কাছাকাছি হঠাৎ ব্রেক ফেল করে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে গাড়িটির ওপরে বসে থাকা মঞ্জুরুল ও ইসলাম উদ্দিন গাড়ির নিচে চাপা পড়েন। তবে সামান্য আহত হন ড্রাইভার ও তার পাশে বসা দুজন।

গুরুতর আহত ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। মঞ্জুরুলের বাড়ি নারায়ণগঞ্জ রুপগঞ্জের আতলাপুর। বাবার নাম মৃত মোজাফ্ফর হোসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মঞ্জুরুলের লাশ মর্গে রাখা হয়েছে। ইসলাম উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন