Logo
Logo
×

সংবাদ

চবির নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১০:৪১ পিএম

চবির নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অধ্যাপক আবু তাহের তার পূর্বসুরী অধ্যাপক শিরীণ আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার ও উপ-উপাচার্য বেনু কুমার দে’র পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপাচার্য হিসেবে সাময়িকভাবে অধ্যাপক তাহেরকে নিয়োগ দিয়েছেন।

প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ যেকোনো সময় বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া অধ্যাপক তাহের তার বর্তমান পদের সমপরিমাণ বেতন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে বলেও এতে বলা হয়।

পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আবু তাহের ২০২০ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য ইউজিসিতে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। তিনি বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন