Logo
Logo
×

সংবাদ

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারার জন্য সরকারকে দায়ী করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বলেছেন, সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার। জনগণ স্পষ্ট বুঝে গেছে সরকারই সিন্ডিকেটকে লালন-পালন করছে।

রেশনিং চালু, টিসিবির পণ্য বিক্রি বাড়ানো, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে তিন ঘণ্টার প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তারা এসব কথা বলেন।

‘সিন্ডিকেটের মধ্যে বিএনপির হাত আছে কি-না খতিয়ে দেখতে হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘সরকারের মন্ত্রীরা বলছেন রাতারাতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এই সরকার তো ২ মাস হলো ক্ষমতায় আসেনি। ১৫ বছর ধরে একটানা তারা ক্ষমতায় আছে। তারে খুব কাছে থাকা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী পুরো খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে সমস্ত আমদানি ও বিপননের ওপর একক কর্তৃত্ব বজায় রাখে। তাদের লুটপাটের সুবিধার জন্যই সিন্ডিকেট ভাঙার কার্যকর কোনো পদক্ষেপ সরকার নেয় না।’

তারা বলেন, ‘সরকারের নিজস্ব আমদানি উদ্যোগের মাধ্যমে রেশনিংয়ের ব্যবস্থা, টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য বিক্রি আওতা বাড়ানো, বেসরকারি পর্যায়ে উন্মুক্ত আমদানির পরিবেশ নিশ্চিত করা, পণ্য পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, শুল্ক কমানো ইত্যাদি পদক্ষেপে অপ্রতুলতা ও দীর্ঘসূত্রতা চলতেই থাকে। এর সাথে আবার লুটপাটের অর্থ যোগানের জন্য গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়িয়ে পরিস্থিতি আরো ভয়াবহ পর্যায়ে নিয়ে যাচ্ছে সরকার। এ যেন মরার ওপর খড়ার ঘা।’

৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনে ভারতের পাশে থাকার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বলেন, ‘এত নগ্নভাবে দেশবিরোধী বক্তব্য দিয়ে এরা ক্ষমতায় আছে। একতরফা ডামি নির্বাচনের তামাশা করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নগ্নভাবে তারা গোলামের রাজত্ব কায়েম করেছে। ‘দিল্লি আছে আমরা আছি’- এই নীতির ভিত্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, মর্যাদা ও সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে।’

তারা বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদা যে কোনোভাবেই নিরাপদ নয়, ওবায়দুল কাদের সেটা আবারো প্রমাণ করলেন। আসলে সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার। 

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয়় সমাজতান্ত্রিক ল-জেএসডি’র সাধারণ সম্পাক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন