Logo
Logo
×

সংবাদ

গাজায় ত্রাণ পাঠানো নিয়ে সাবেক প্রতিমন্ত্রীর বক্তব্য সঠিক নয়

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম

গাজায় ত্রাণ পাঠানো নিয়ে সাবেক প্রতিমন্ত্রীর বক্তব্য সঠিক নয়

যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠানো নিয়ে সরকারের পক্ষ থেকে মিথ্যাচার করার অভিযোগ পাওয়া গেছে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দাবি করেন, রমজানের শুরুতে ত্রাণ হিসেবে পাঁচ ট্রাক খাদ্যসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। তার এই পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক। শাহরিয়ার আলমের দাবির বিষয়টি যাচাই করে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, তার বক্তব্য সঠিক নয়। মূলত, ওই ত্রাণ পাঠিয়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। অর্থাৎ, রমজানের শুরুতে গাজায় পাঠানো ওই ত্রাণের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। 

তিন দিন আগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ত্রাণবাহী ওই লরির ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ থেকে পাঁচটি লরি গাজায় যাচ্ছে। মিশরের যাকাত ও সাদাকা ফান্ডের আওতায় গাজার বাসিন্দাদের জন্য পাঠানো পঞ্চম ধাপের ত্রাণবহর যাত্রা শুরু করে। আমরা বাংলাদেশের ব্যানারে ৫টি লরি দিয়েছি।’

শাহরিয়ার আলমের এমন স্ট্যাটাসের পর বিষয়টি নজরে আসে মিশরের আল আজহার বিশ্ববিদালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের। এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় নেটি দুনিয়ায়। পরে রিউমর স্ক্যানার এর ফ্যাক্টচেক করলে বেরিয়ে আসে প্রকৃত সত্য।

রবিবার রিউমার স্ক্যানার জানায়, ‘রমজান উপলক্ষ্যে গাজায় ছবির এই ত্রাণ সহায়তা বাংলাদেশ সরকার পাঠায়নি। মূলত ব্যক্তিগত উদ্যোগে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের পক্ষে গাজার জন্য অনুদান সংগ্রহ করে আল আজহারের গাজা সহায়তা ফান্ডের মাধ্যমে গাজায় ত্রাণের বহরে পাঠিয়েছে। এই সহায়তার ক্ষেত্রে সরকারি কোনো অনুদান এমনকি মিসরস্থ বাংলাদেশ দূতাবাসেরও কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্টরা রিউমার স্ক্যানারকে জানিয়েছেন। 

প্রসঙ্গত, মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে বিভিন্ন ইস্যুতে মিথ্যাচার করেন। এর মধ্যে ২০১৫ সালে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এলে তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমে এর সম্পূর্ণ বিপরীত তথ্য জানান। পরে বিষয়টি নজরে আসলে এর প্রতিবাদ জানান ইইউ পার্লামেন্টের প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টিয়ান ডান প্রেডা।
 
এর আগে এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি এ আটটি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে।

মিসরের অনলাইন সংবাদমাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন