অবন্তিকার মৃত্যু: সহপাঠী আম্মান ও শিক্ষক দ্বীন ইসলাম রিমান্ডে
ইউএনবি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।
সোমবার (১৮ মার্চ) অভিযুক্ত এ দুজনকে আদালতে তুলে পুলিশ রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার(১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কুমিল্লায় নিয়ে যায়।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টায় কুমিল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা।
এর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে সহপাঠী আম্মান সিদ্দিক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে আত্মহত্যার জন্য দায়ী করেন অবন্তিকা।
গত ১৬ মার্চ রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
