Logo
Logo
×

সংবাদ

বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছিল: অবন্তিকার মা

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১১:৫০ পিএম

বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছিল: অবন্তিকার মা

ফাইরুজ সাদাফ অবন্তিকা

মেয়ের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রয়াত ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মা তাহমিনা শবনম। আহাজারি করতে করতে তিনি বলেছেন, কোথাও বিচার পায়নি আমার মেয়ে। কারণে-অকারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২২ সাল থেকে আমার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। মেয়ে আমার বিচারক হতে চেয়েছিল, ওরা বাঁচতে দিলো না। আমার মেয়ের মৃত্যুর জন্য পুরো জবি প্রশাসনই দায়ী।

তিনি বলেন, জবি প্রশাসনের ডাকে আমি অসুস্থ স্বামীকে নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে গিয়েছিলাম, বিচার তো পাইনি উল্টো তারা (জবি প্রশাসন) আমাদের আরও মানসিকভাবে হয়রানি করেছে। কখনও থানায় জিডি ও মামলার হুমকি দেওয়া হতো মেয়েকে। তিনি বলেন, তার মেয়েকে সহপাঠী আম্মান সিদ্দিকী অনৈতিক প্রস্তাব দিয়েছিল, এতে সে সাড়া দেয়নি। বিষয়টি সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে জানিয়ে উল্টো ফল হয়। দ্বীন ইসলাম মেয়েকে নানাভাবে হয়রানি ও কটূক্তি করতো। 

তাহমিনা শবনম বলেন, ২০২৩ সালের ১২ এপ্রিল রোজার সময় অধ্যাপক স্বামীকে হারালাম। কাল মেয়েকে হারালাম। কিন্তু ওরা আমার মেয়েকে বাঁচতে দিলো না। আমার মেয়ে সাহসী ছিল। তার বিমান বাহিনীতে চাকরি হয়েছিল, পায়ে ব্যথার কারণে নিয়ে আসি। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় সে ভালো ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিচার না পেয়ে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 

মেয়ের মৃত্যুর জন্য তিনি সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ছাড়াও পুরো জবি প্রশাসন দায়ী করেন। কারণ হিসেবে তিনি বলেন, তারা কেন এক বছর ধরে বিষয়টি ঝুলিয়ে রেখে আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিলো।

মেয়ের আত্মহত্যার শেষ সময়ের কথা জানিয়ে মা শবনম বলেন, শুক্রবার ইফতারের আগে ও পরে মেয়েকে খুব বিমর্ষ দেখাচ্ছিল, একসঙ্গে ইফতারও খাই। রাত সাড়ে ৯টার দিকে পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে প্রায়ই দরজা বন্ধ করে রাখতো। কিছুক্ষণ পর ওর রুমে ফ্যানের শব্দ না পেয়ে ডাকাডাকি করি। কোনো সাড়া মেলেনি। পরে ছেলেকে বাসার নিচে পাঠাই, দারোয়ানকে নিয়ে মই দিয়ে পূর্ব পাশের জানালা খুলে দেখতে পাই, ফ্যানের সঙ্গে ঝুলে আছে মেয়ে। এরপর পাশের ফ্ল্যাটের বাসিন্দা পুলিশের একজন সদস্যসহ আমরা ওর নিথর দেহ নামাই। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অবন্তিকার একমাত্র ভাই জাবিদ জাওয়াদ অপুর্ব বলেন, ‘বাবা-মা শিক্ষক ছিলেন, তাই তারা চাইতেন বিষয়টি সহজেই সমাধান হোক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো সহায়তা না করায় আমার বোনকে মরণের দিকে যেতে হয়েছে।’ 

অবন্তিকার বাবা জামাল উদ্দিন মৃত্যুর আগে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কুমিল্লা সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ২০২৩ সালের ১২ এপ্রিল রোজার সময় তিনি মারা যান। জামাল উদ্দিনকে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের সময় কুপিয়ে জখম করা হয়। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা শহরের শাসনগাছা মহাজন বাড়ি এলাকায়। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি উপস্থাপনা করতেন।

এদিকে, অবন্তিকার ‘আত্মহত্যার’ পর সরব হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা। অবন্তিকাকে নিপীড়নে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিপীড়নের বিচার চাইতে গিয়ে অবন্তিকা যে সহকারী প্রক্টরের কাছে উল্টো হয়রানির শিকার হয়েছেন। তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে কুমিল্লা শহরে বাড়িতে আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট দেন অবন্তিকা। তাতে সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ওই পোস্টে সহকারী একজন প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন তিনি।

আত্মহত্যার আগে সহপাঠী শিক্ষার্থী আম্মান সিদ্দিকের ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দায়ী করে ফেইসবুকে অবন্তিকা লিখে যান, ‘এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’

আম্মানের বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক কমেন্ট করার অভিযোগ আনেন অবন্তিকা; আর সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে আম্মানকে সহায়তা করার অভিযোগ ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন অবন্তিকা।

এ ঘটনা জানাজানির পর দেশজুড়েই আলোচনার সৃষ্টি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আন্দোলন শুরু হয়েছে। অবন্তিকাকে নিপীড়নের ঘটনায় বিধি অনুযায়ী শুরু থেকেই বিচারকাজ চলার কথা ছিল। তবে সেটি হয়নি। অবন্তিকা বিচার পাচ্ছেন ঠিকই, তবে সেটি প্রথাগত পদ্ধতিতে নয়। নিজের জীবন দেওয়ার পরে বিচারের দেখা পেলেন তিনি।

অবন্তিকার মৃত্যুর পর পুরো ঘটনা তদন্তে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জাকির হোসেনকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাসকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করার কথাও জানিয়েছে জবি। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন