Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে অগ্নিকাণ্ড: হাসপাতালে একজনের মৃত্যু

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৯:৩৯ পিএম

গাজীপুরে অগ্নিকাণ্ড: হাসপাতালে একজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিণ্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোলাইমান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জন।

শুক্রবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যান সোলাইমান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের সহকারি পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু গণমাধ্যমকে জানান, সোলাইমানের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

মৃত সোলাইমানের স্ত্রী শাপলা বেগম। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার ছেলে আকাশ মোল্লা জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটবায়রা গ্রামে। কালিয়াকৈর ভাড়া থাকতেন এবং ভাঙ্গারীর ব্যবসা করতেন। বুধবার বিকেলে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে দাড়িয়ে ছিলেন তার বাবা। বিস্ফোরণে তার প্রায় পুরো শরীর পুড়ে যায়। 

ঘটনাটিতে সোলাইমানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০), শিল্পীর দুই ছেলে নুরনবী নিলয় (৩) ও নিরব (৭) দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানান, আজিজুল নামে একজনকে ছুটি দেয়া হয়েছে। এখন ৩০ জন ভর্তি আছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মৃদুল সরকার গণমাধ্যমকে জানান, সোলাইমান মোল্লা নামের ওই ব্যক্তির শরীরের ৯৫ শতাংশ ফ্লেইম বার্ন, সঙ্গে ইনহেলেশন ইনজুরি (শ্বাসতন্ত্র পুড়ে যাওয়া) ছিল। অবস্থা খারাপ হওয়ায় গত রাতে 

আইইসিইউতে আনা হয়েছিল। কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আইসিইউ কনসালটেন্ট একরামুল হক সজল গণমাধ্যমকে জানিয়েছিলেন, আইসিইউতে যারা আছেন তাদের কারও অবস্থাই ভালো না। তাদের সবার অবস্থাই খুব খারাপ। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তারমধ্যে আবার ৮০ শতাংশ, ৯০ শতাংশ এমনকি ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। স্বাভাবিকভাবেই এদের কামব্যাক করার সুযোগ কম।

উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহুর্তে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে একটি টিনশেড কলোনিতে আগুন লাগে। এতে নারী-শিশুসহ ৩৬ জন দগ্ধ হয়। আগুনে দগ্ধ ও আহত ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন