এমভি আব্দুল্লাহ। ফাইল ছবি।
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি করা বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে ট্র্যাক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামুদ্রিক নিরাপত্তা বাহিনী বা ইইউ নেভাল ফোর্স।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে ইইউ নেভাল ফোর্স জানায়, তাদের একটি যুদ্ধজাহাজ বাংলাদেশি জাহাজটি ছায়ার মতো অনুসরণ করছে।
এর আগে, মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরের সোমালিয়া উপকূল থেকে ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। সাগরের যে এলাকায় জলদস্যুরা জাহাজটির দখল নিয়েছে, সেটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৪৫০ নটিক্যাল মাইল (১ হাজার ১০০ কিলোমিটার) দূরে।
বিবৃতিতে ইইউয়ের নৌবাহিনী বলেছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে মোতায়েন করা ইইউয়ের একটি যুদ্ধজাহাজ ওই জাহাজটি ছায়ার মতো অনুসরণ করছে। জলদস্যুরা ওই জাহাজের ২৩ জন ক্রুকে আটকে জিম্মি করেছে। আটক জিম্মিরা নিরাপদ আছে, জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।
তাছাড়া ইইউয়ের নৌবাহিনী বাংলাদেশ ও সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি ভারত মহাসাগরের ওই এলাকার নিরাপত্তায় থাকা ভারতীয় নৌবাহিনীসহ অন্য আঞ্চলিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তারা।
