Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫, অনেকেই ‘আশঙ্কাজনক’

Icon

ইউএনবি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫, অনেকেই ‘আশঙ্কাজনক’

দগ্ধদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বোর্ড সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিয়ে বোর্ড সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ভর্তি রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য সম্পর্কে জানেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের মধ্যে কতজন শিশু, কতজনের অনস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ ও এইসডিও-তে ভর্তি আছে তার খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন বলে তাকে অবগত করেছেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মতো করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারব না, কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন কোনোরকম অবহেলা না থাকে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’

সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। এই ৩২ জনের মধ্যে ৫ জন রোগী আইসিইউ এবং ২ জন এইচডিই'তে ভর্তি রয়েছে। রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ রোগী আছেন একজন, ৯৫ ভাগ দগ্ধ রোগী আছেন ৩ জন এবং ৫০-১০০ ভাগ দগ্ধ রোগী আছেন মোট ১৬ জন বলে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম প্রমুখ।

এর আগে, বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হন।

স্থানীয়রা জানান, জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দগ্ধদের মধ্যে অন্তত ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোলেমান (৭), সাদিয়া (১৮), সুফিয়া (৯), মিরাজ (১৩), তারেক (১৮), আরিফুল ইসলাম (৪০), মশিউর (২২), মান্নাফ (১৭), সুমন (২৫), ইয়াসিন (২১), শিল্পী (৩০), সাইদুল ইসলাম (৩০) ও গোলাম রাব্বি (১১)।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন