Logo
Logo
×

সংবাদ

জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১২:২৫ এএম

জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের

এমভি আব্দুল্লাহ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার জলদস্যুরা। শিগগিরই না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা।

অন্যদিকে, উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি নাবিকদের স্বজনরা। প্রিয়জনকে দ্রুত ফিরিয়ে আনতে আকুতি জানিয়ে সরকার ও জাহাজের মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জিম্মির পর কয়েকটি ভিডিও বার্তা নাবিকরা পাঠালেও মোবাইল ফোন জব্দ করে নেওয়ার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জাহাজটিতে ২০-২৫ দিনের খাবার রয়েছে। ২০০ টন বিশুদ্ধ পানি রয়েছে বলে জানা গেছে।

জাহাজটি চট্টগ্রামের কবির গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন। কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর থেকে প্রথমে নাবিকদের সুরক্ষার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জলদস্যুরা নাবিকদের কোনো ক্ষতি করেনি। তারা সুস্থ আছেন। জাহাজে নাবিকদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এটি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এ রকম ঘটনা অহরহ ঘটে থাকে। আমাদের অতীতের অভিজ্ঞতাও আছে। আমরা আশা করছি, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নাবিক ও জাহাজটি ফিরিয়ে আনতে পারব। প্রয়োজনে মধ্যস্থতা সংস্থা ও ব্রিটিশ বীমা কোম্পানির সহায়তা নেওয়া হবে।’

পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন