পবিত্র রমজানের প্রথম দুই সপ্তাহ দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্ত নিয়ে দেশে চলছে নানা আলোচনা। গত ৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানে প্রথম ১৫ দিন সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে প্রজ্ঞাপন জারি হয়।
পরে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট জারি করে হাইকোর্ট। তবে সরকারের পক্ষ থেকে রিটের বিরুদ্ধে আপিল করা হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার আপিলের শুনানি হয়।
রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ মঙ্গলবার স্থগিত করে আপিল বিভাগ। এরপর মন্ত্রণালয়গুলো তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। স্কুল খোলা রাখার বিষয়ে মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আবার জানানো হয়।
সে হিসাবে ২৫ মার্চ পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খোলা থাকবে। আর সরকারি প্রাথমিক স্কুলগুলো রমজানের প্রথম ১০ দিন, অর্থাৎ ২১ মার্চ পর্যন্ত খোলা থাকবে।
তবে এ বিষয়ে কেউ কেউ বলছেন, মূলত এ বছর রমজানের মধ্যেই পড়ছে ১৭ মার্চ। এ দিন শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯৯৬ সালে বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভা ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী এ দিবসে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোরদের জন্য নানা আয়োজন থাকে। বিদ্যালয়গুলোতে সাড়ম্বড়ে পালন করা হয় জাতীয় শিশু দিবস। তবে করোনা ও রমজানের কারণে গত কয়েক বছর ধরে দিবসটি সেভাবে পালন করা হয়নি।
এ বছর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করায় জাতীয় শিশু দিবস পালনের বিষয়টি সামনে চলে আসে।
সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অতি উৎসাহী কিছু কর্মকর্তা জাতীয় শিশু দিবস পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাদের কারণে মূলত রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
জানা গেছে, এরই মধ্যে রাজধানীর ভিকারুননিসাসহ বেশ কয়েকটি স্কুল মঙ্গলবার সব কার্ক্রম বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার উচ্চ আদালতের রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানায় তারা। রাজধানীর বড় বড় বিদ্যালয়গুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিলেও বিপাকে পড়েছে দেশের অন্যান্য বিদ্যালয়। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এমনকি তাদের কেউ কেউ থানা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করলেও মঙ্গলবার সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো সদুত্তর পাননি বলে বাংলা আউটলুককে জানান একাধিক প্রধান শিক্ষক।
এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না খোদ শিক্ষা মন্ত্রণালয়েও।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে চাওয়া হলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না বন্ধ থাকবে তা নির্ভর করছে উচ্চ আদালতের আদেশের ওপর। সোমবার যেহেতু আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, তাই হাইকোর্টের আদেশ বহাল থাকবে এমনটা ধরে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আদালতের আদেশ মানবে।
এ বিষয়ে সমাধান চেয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ফোন করলেও তারা সমাধান পাননি বলে জানা গেছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, মঙ্গলবার কী হবে? এই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নেই। কারণ, বিষয়টি আদালতে এখনও নিষ্পত্তি হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে চলার অনুরোধ করেন তিনি।
গত ৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানের সময় ১৫ দিন সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। উভয় সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক শফিউর রহমান চৌধুরী।
এরপর রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ দেয় আদালত। হাইকোর্টের আদেশের বিপক্ষে সোমবার সকালে আপিল করে রাষ্ট্রপক্ষ। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আপাতত বহাল রাখেন। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এ সময় রমজানে ১০-১৫ দিন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখলে শিক্ষার্থীদের পড়ালেখার কী এমন ক্ষতি হবে বলে প্রশ্ন রাখে আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১১ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানিতে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে এ প্রশ্ন রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।
শুনানিতে এ কে এম ফয়েজ বলেন, রমজান মাস পবিত্র মাস। করোনার সময় দুই বছর সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। রমজানে ১০-১৫ দিন স্কুল বন্ধ রাখলে পড়ালেখার কোনো ক্ষতি হবে না। বরং খোলা রাখলে যানজটের সৃষ্টি হবে, অভিভাবকরা সমস্যায় পড়বেন। এ ছাড়া স্কুল বন্ধ রাখতে অভিভাবকরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করে যাচ্ছেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, স্কুল খোলা রাখা সরকারের পলিসির বিষয়। হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করতে পারে না।
