নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে প্রচন্ড গুলাগুলির শব্দ : ইউপি সদস্য গুলিবিদ্ধ
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০২:৪৭ এএম
বার্মার অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত বার্মার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৭৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তের ওপারে বার্মার সামরিক জান্তা বাহিনী ও আরকান আর্মির মধ্যে আবারো প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে।
রবিবার রাত থেকে অনবরত গুলি ও ভারী অস্ত্রসহ মর্টারশেলের আওয়াজে সামান্তবর্তী এলাকার লোকজন আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমেদ।
তিনি আরও জানান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাং ছড়ি সীমান্তের ৪৬ ও ৪৭ পিলার, পুরান মাইজ্জা ক্যাম্প, অংচাফ্রী ক্যাম্প ও সালি ডং ক্যাম্পের ওপারের বার্মার অভ্যন্তরে অগণিত মর্টার ও আর্টিলারি বোমার বিস্ফোরণ হয়েছে। এসব গোলার আওয়াজে এপারে যেন ভূমিকম্প সৃষ্টি হচ্ছিল।
সীমান্তের ওপারে বার্মায় চলমান এই সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) ২৯ জন সদস্য সোমবার (১১মার্চ) দুপুরে আশ্রয় নিয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন।
বিজিবির এক কর্মকর্তা জানান, তাদের নাইক্ষ্যংছড়ি নুরুল আলম কোম্পানির চা বাগান থেকে জামছড়ি বিওপি বিজিবি ক্যাম্পে নিয়ে নিরস্ত্র করা হয়। পরে ১১ বিজিবি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন বলেন, বার্মায় সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির মধ্যে গোলাগুলিতে বিকাল ৫ ঘটিকার সময় ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ছাবের আহমেদ (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জামছড়ি বিওপিতে প্রাথমিক চিকিৎসা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই রিপোর্ট লিখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলছে।
উল্লেখ্য, বার্মার রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর ৩৩০জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে তাদের ফেরত পাঠানো হয়েছে।
