Logo
Logo
×

সংবাদ

রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১২:৩৫ এএম

রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার রোজা শুরু হচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত  হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবিহর নামাজ পড়ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহরি খেয়ে আগামীকাল মঙ্গলবার থেকে রাখবেন রোজা। আগামী ৬ এপ্রিল  (শনিবার) দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের মানিকগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান। পরে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার সংবাদ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৫১ মিনিট। মঙ্গলবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১০ মিনিট। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ সোমবারই ছিল প্রথম রোজা।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন