Logo
Logo
×

সংবাদ

উদঘাটন হয়নি এনবিআর কর্মকর্তার মৃত্যুর রহস্য

উদঘাটন হয়নি এনবিআর কর্মকর্তার মৃত্যুর রহস্য

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০২:২৬ পিএম

উদঘাটন হয়নি এনবিআর কর্মকর্তার মৃত্যুর রহস্য

উদঘাটন হয়নি এনবিআর কর্মকর্তার মৃত্যুর রহস্য

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা কামাল হোসেনের মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি আজও। নিখোঁজের পাঁচ দিনের মাথায় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে গত ১ মার্চ যার মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। কামাল হোসেন আত্মহত্যা করেছেন না কি তাকে কেউ হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছিল সে বিষয়ে এখনো স্পষ্ট করে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা।

কামাল হোসেন ২৭তম বিসিএস কর্মকর্তা। তিনি এনবিআর'র আগারগাঁও অফিসে সহকারী মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, এনবিআর কর্মকর্তা কামাল হোসেন পরিবার নিয়ে ঢাকার মিরপুর এলাকায় থাকতেন। গত ২৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে মিরপুর-১০ নম্বরের বাসা থেকে শবে বরাতের রাতে হাঁটতে বের হন। এ সময় তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। বাসায় না ফেরায় তার মা সামসুন্নাহার তাকে ফোন করলে ফোন বন্ধ পান। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে শুরু করেন। কিন্তু তার আর খোঁজে মেলেনি।

নিখোঁজের পরদিন ২৭ ফেব্রুয়ারি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কামালের মা সামসুন্নাহার। চার দিন পর ১ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার মালির পাথরের কাছে ধলেশ্বরী নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখেন লোকজন। নৌ পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর পশ্চিম কামারগ্রামে জরুরি বার্তা পাঠায়। পরে তার বাবা আলী আফজাল রাতে মুন্সীগঞ্জে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।

ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কামালের মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন, না কেউ হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে কামালের মায়ের দাবি, তাকে (কামাল) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কোনো চক্র জড়িত রয়েছে। সরকারের রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে কামাল ভূমিকা রাখতেন। এ কারণে শত্রুতাবশত ক্ষোভে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা তার মায়ের।

কামালের মায়ের দাবি, মরদেহ উদ্ধারের সময় কামালের শরীরে আঘাতের চিহ্ন ছিল। দাঁতও ভাঙা ছিল। এসব আলামত দেখে তাদের ধারণা হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয় খুনিরা।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনো বলার মতো কিছু পাওয়া যায়নি। তিনি (কামাল) যে সড়ক দিয়ে হাঁটছিলেন সেটির সিসি ক্যামেরা যাচাই করা হয়েছে কিন্তু প্রধান সড়কে ওঠার পর থেকে সিসি ক্যামেরায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পল্লবী থানা সূত্রে জানা যায়, কিছুদিন আগে কামাল হোসেলের বিবাহ বিচ্ছেদ হয়। এছাড়া চাকরিতে পদোন্নতিও হচ্ছিল না। এসব নিয়ে তিনি অনেকটা হতাশায় ছিলেন। অফিসও তেমন করতেন না। বাসাতেই থাকতেন। তার মৃত্যুর পর পরিবার আইনী ব্যবস্থায় যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন না। তারা মামলাও করবেন কি না এখনো কিছু জানায়নি। ফলে ২৭ ফেব্রুয়ারি যে জিডি করেছিলেন সেটাতেই আটকে আছে তদন্ত।

পুলিশের একটি সূত্র জানায়, কামালের সর্বশেষ মোবাইলের লোকেশন এবং কল লিস্ট নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার কল লিস্ট পাওয়া গেলেও সেখানে কারও সঙ্গে কথা বলার তেমন প্রমাণ পায়নি পুলিশ। তিনি বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপস ব্যবহার করতেন বলে ধারণ করছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানায়, কামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিয়ে ইতোমধ্যে ডিএমপি থেকে ওই থানায় খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়াও পল্লবী থানা পুলিশ তদন্ত কাজ করছেন। তারা ঘটনার রাতে কামাল হোসেন যে এলাকা থেকে হাঁটতে বের হয়েছিলেন সেখান থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত যতোগুলো সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে প্রতিটি যাচাই করেছেন। সিসি ক্যামেরার ফুটেজের একটি ক্লিপে তারা পেয়েছেন, কামাল হোসেন তার বাসা থেকে বের হওয়ার আগে বিকেল থেকে ৪ থেকে ৫ বার বের হয়েছেন আবার ঢুকেছেন। ওই সময়টাতে তাকে অস্থির লাগছিল। এরপর তিনি ৮ টা ৩০ মিনিটে বের হন। এরপর ৮ টা ৩১ মিনিটের পর হাঁটতে বের হয়ে প্রধান সড়কের পাশে থাকা একটি সিএনজি স্ট্যান্ডের সামনে যান। সেখান থেকে সড়ক পার হওয়ার সময় হারিয়ে যান। ধারণা করা হচ্ছে, ওই সময় সড়কে যানজট থাকায় তিনি কোনো গাড়িতে উঠেছিলেন। তবে তিনি গাড়িতে উঠেছিলেন না কি তাকে কোন গাড়িতে তুলে নেওয়া হয়েছিল চতুর্দিকের সিসি ক্যামেরা যাচাই করেও স্পষ্ট কিছু পাওয়া যায়নি।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন