উচ্চ মূল্যস্ফীতি ও দমন-পীড়নে বেহাল নারী শ্রমিকরা। মাঝে-মধ্যেই রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হন তারা
চতুর্থ শিল্প বা ডিজিটাল বিপ্লবের যুগেও তৈরি পোশাকসহ সব ধরনের কর্মস্থলে নারী শ্রমিকদের দক্ষতাসহ স্বাস্থ্যগত উন্নয়নে সরকার বড় ধরনের কোনো উদ্যোগ নেয়নি। উল্টো গত নভেম্বরে ন্যায্য বেতনের দাবিতে মাত্র ২৪ বছর বয়সী এক নারী শ্রমিককে পুলিশের গুলিতে মরতে হয়েছে। তবে সেই ঘটনার কোনো বিচার এখনও হয়নি।
এমন অবস্থা চলতে থাকলে দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ স্বাভাবিকভাবে কমেই আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের ৪০ লাখ গার্মেন্ট শ্রমিক নিজেদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। দিন দিন তাদের সংসার চালানো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে।
নারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত নারী আরএমজি (রেডি মেইড গার্মেন্টস) কর্মীদের বেশিরভাগই গ্রামীণ এলাকা থেকে আসেন এবং তারা অবিবাহিত অবস্থায় কর্মজীবন শুরু করেন। তাদের অনেকেই এক সময় পরিবারের ব্যয় বহন করতেন। কেউ কেউ পরিবারে উল্লেখযোগ্য অবদান রাখতেন এবং সঞ্চয় করতেন। কিন্তু অবস্থা পরিবর্তন হতে শুরু করেছে উচ্চ মূল্যস্ফীতির কারণে। ফলে গার্মেন্টের বেতনে চলছে না তাদের সংসার।
কাইজার কিওয়ার লিমিটেডের গামেন্ট শ্রমিক নুরু নাহার বেগম বাংলা আউটলুককে জানান, চাকুরির ব্যবস্থা নারী কর্মীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতা এনে দিলেও এখন শহরে বসবাস করে তারা আর নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারছেন না উচ্চ মূল্যস্ফীতির কারণে। বিশেষ করে, বাসা ভাড়াতে বেতনের প্রায় ৭০ শতাংশ চলে যায়।
তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে আবারও আমাদের গ্রাম ফিরে যেতে হবে। কারণ কাজ করে বেতন দিয়ে যদি শহরে থাকতে না পারি তাহলে পরিবার নিয়ে শহরে থাকার মানে হয় না।
বাংলাদেশি ট্রেড ইউনিয়নের সদস্য ও আওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজমা আক্তার বাংলা আউটলুককে বলেন, দেশের উন্নয়ন হলেও সস্তায় শ্রমিক পাওয়া, কারখানাগুরোর অটোমেশন এবং কাজের ক্ষেত্রে পুরুষ কর্মীদের প্রাধান্য দেওয়ার ফলে নারী শ্রমিকদের কাজ পাওয়ার ক্ষেত্র অনেক সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা চলতে থাকলে একসময় দেশের কারখানায় শুধু পুরুষ শ্রমিক আর মেশিন চলবে।
তিনি জানান, বর্তমান সরকারের আমলে গত ১৫ বছরে নারীর অর্থনৈতিক মুক্তি তো দূরের কথা, গত বছরের ৭ নভেম্বর সরকারের ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখানের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন গাজীপুর তৈরি পোশাক কারখানার মাত্র ২৪ বছর বয়সের মোসা. আঞ্জুয়ারা খাতুন। কিন্তু এখনও সেই নারী শ্রমিকসহ আরও চার শ্রমিক নিহতের কোনো বিচার হয়নি।
তিনি আরও বলেন, দেশের মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ ছুঁই ছুঁই। যে কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ভয়াবহভাবে। উচ্চ মূল্যস্ফীতি, মার্কিন ডলারের দাম বৃদ্ধি ও দেশের বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হয়ে পড়েছে। ফলে একজন নারী শ্রমিক তার সন্তান নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনযাপন করবে?
তিনি বলেন, পুঁজিপতিরা দেশে কারখানাগুলোকে আধুনিকায়ন করতে শুরু করেছে। কিন্তু দেশের নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে সরকার ও গার্মেন্ট কারখানার মালিকদের কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এজন্য দেশের গার্মেন্ট কারখানায় আগে নারী শ্রমিক ছিল ৮১ শতাংশ, এখন সেই অবস্থার পরিবর্তন হয়ে তা ৬০ শতাংশে দাঁড়িয়েছে।
ব্র্যাকের মানবাধিকার এবং সোশ্যাল কম্পাইন্সের পরিচালক জেনেফা জব্বার বাংলা আউটলুককে বলেন, দেশের গার্মেন্ট কারখানাগুলোকে কম্প্রাইয়েস করতে না পারলে নারী শ্রমিকরাই বিভিন্ন ধরনের নির্যাতনের স্বীকার হবেন।
তিনি বলেন, নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য পুরুষ শ্রমিকদের এ বিষয়টি বুঝাতে হবে। তা হলে নারী শ্রমিকরা পুরুষ ও মালিকদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে। সবকিছু আইন করে উন্নয়ন করা যায় না।
গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ বাংলা আউটলুককে বলেন, নারীর জন্য সমতা বিধান করে উপযুক্ত আইন তৈরি ও আইনের শাসন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণ নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেবে না। তাদের সচেতনও করা যাবে না।
তিনি বলেন, পরিবারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চিন্তার পরিবর্তন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার কারণে নারীরা কর্মক্ষেত্রেও ভালো অবস্থানে নেই। একজন নারী পরিবার, সমাজের রক্ত চক্ষু উপেক্ষা করে কর্মক্ষেত্রে মাথা উঁচু করে এগিয়ে চলছেন। নিজে, পরিবার এবং দেশকে এগিয়ে নিচ্ছেন, নারীরা এগিয়ে যাবেন।
তিনি আরও বলেন, শত বাঁধা ও দায়িত্ব কাঁধে নিয়েই ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন ও রাজনৈতিকভাবেও এগিয়ে আসছেন। এর মধ্য দিয়ে এটা পরিষ্কার যে রাজনৈতিকভাবেই সিদ্ধান্তের বিষয় নারীর মর্যাদা, অধিকারের বিষয়ের সাথে সম্পৃক্ত।
আরএমজি শিল্প বাংলাদেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে নারীদের জন্য। আরএমজি খাতে ৪০ লাখ নারী কর্মী রয়েছেন।
