বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে বিচলতি ভারত। মালদ্বীপের মতো বাংলাদেশের বড় একটি গোষ্ঠী ভারত খেদাও আন্দোলনে নামায় এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পত্রিকার দিল্লি অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৭ জানুয়ারির নির্বাচনে যারা শেখ হাসিনা তথা আওয়ামী লিগের বিরোধিতা করেছিল, তাদের একটি বড় অংশ ‘ভারত বয়কট’ প্রচারে গলা মিলিয়েছে। নয়াদিল্লি মনে করে এর পিছনে কোনও সংগঠিত শক্তি বা রাষ্ট্রের ইন্ধন রয়েছে।
আনন্দবাজার বলছে, ভারতের বাজারে পেঁয়াজের জোগানে সঙ্কট এবং তার জেরে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় মোদী সরকার রফতানিতে রাশ টেনেছিল। গত বছর থেকেই দুই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহিকে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয় ভারত। বিষয়টি নিয়ে বার বার আবেদন জানান হাসিনার মন্ত্রী এবং সরকারি কর্তারা। সম্প্রতি সে দেশে ভারত বিদ্বেষের যে ঢেউ তৈরি হয়েছে, সে কথাও বিদেশ মন্ত্রকের অজানা নয়। তাই রমজান এবং ইদের আগেই ৫০ হাজার টন পেঁয়াজ ঢাকাকে পাঠিয়েছে দিল্লি।
গত মাসেই ঢাকার পান্থপথ অঞ্চলের কিছু দোকান ভারতীয় পণ্য তুলতে অস্বীকার করে। অথচ সেখানে ভারতীয় পণ্যই বেশি রাখা হয়। ঢাকা-চট্টগ্রামের অনেক দোকানদার এবং কর্মী বলেছেন, ভারতের তৈরি রান্নার তেল, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনের সরঞ্জাম ও জামাকাপড়ের বিক্রি কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে আনন্দবাজার।
এদিকে রমজানকে সামনে রেখে প্রায় প্রতিদিনই ঢাকাসহ সারাদেশে ভারত বিরোধী প্রচারণা চালাচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বুধবারও ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা বৃহত্তর পল্টনে ভারত বিরোধী প্রচারণা চালায় গণঅধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দল। এই দলটি ইতিমধ্যে সারাদেশে ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে। ভারত সরকার শেখ হাসিনাকে একপেশে সমর্থন দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে কবরে পাঠিয়েছে-জনগণের মধ্যে এমন ধারণা সম্বলিত প্রচারপত্রও বিলি করছেন এ সংগঠনের নেতাকর্মীরা। তারা হ্যান্ড মাইকে রাজধানীর অলিগলিতে ভারতীয় পণ্য বর্জন করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে আনন্দবাজার অনলাইন তাদের ওই প্রতিবেদনে বলেছে, এর ফলে ভারত থেকে বাংলাদেশের রফতানিতে যে বড় ধাক্কা লেগেছে তা নয়। কিন্তু প্রতিবেশী বাংলাদেশে এমন ভারত-বিরোধী উত্তাপ, নয়াদিল্লির চিন্তা বাড়িয়েছে। এর পিছনে একটি নির্দিষ্ট নকশাও দেখছে নয়াদিল্লি।
নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আচমকা পেঁয়াজ রফতানি বন্ধ করায় অসুবিধা হয়েছে বটে, তবে কূটনৈতিক স্তরে এমন মেকানিজম তৈরির জন্য সাউথ ব্লকের সঙ্গে আলোচনা এগোচ্ছে, যাতে এই পরিস্থিতি তৈরিই না হয়। এক কর্তার কথায়, “ভারতের সঙ্গে আলোচনা চলছে। ভারতের কাছে অনুরোধ, পেঁয়াজ, চিনি, গমের মতো কিছু পণ্যের নির্দিষ্ট পরিমাণ যাতে প্রতি মরসুমেই বাংলাদেশে যায় সেই মেকানিজম চূড়ান্ত করা। তা হলে কেউ এ নিয়ে রাজনীতি করতে পারবে না।”
এদিকে রমজানের আগে বিরোধী শক্তিগুলোর ভারত বিরোধী প্রচারণায় এমন আঁটঘাট বেধে নামাকে শেখ হাসিনার সরকারের জন্য এক ধরণের চাপ হিসেবে দেখছেন ঢাকার কূটনীতিকরা। তারা বলছেন, ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনা সরকার এ পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশে ভারতের বিশাল বাজার হওয়ায় মালদ্বীপ মডেল কার্যকর করা সম্ভব না হলেও এর প্রভাব যে একেবারেই উড়িয়ে দেওয়া যাবে সে সুযোগ নেই।
এদিকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের কারনে ইতিমধ্যে ভারতের চিকিৎসা ও পর্যটন খাতে বেশ ভালো ধাক্কা লেগেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। বিষয়টিকে আমলে নিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রকও।
সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে ধারণা করা হচ্ছিলো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বাস্তবিক কারনেই খুব বেশিদিন টিকিয়ে রাখা যাবে না। কিন্তু বিরোধী শিবিরের অব্যাহত কর্মসূচী দেখে মনে হচ্ছে এটি সাধারণ মানুষের মধ্যেও বেশ প্রভাব ফেলবে।
