Logo
Logo
×

সংবাদ

বরই-পেয়ারা কি খেজুরের বিকল্প

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১১:৪৮ পিএম

বরই-পেয়ারা কি খেজুরের বিকল্প

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, পবিত্র রমজান মাসে ইফতারে খেজুরের প্রচলন প্রাচীনকাল থেকে। এটি খাওয়া যেমন সুন্নত তেমনি এর রয়েছে বৈজ্ঞানিক কারণও। যা হয়তো সবাই জানেন না। চিকিৎসকরা বলছেন, বরই বা পেয়ারা পুষ্টি বিবেচনায় খেজুরের বিকল্প হতে পারে না।  

দিল্লির একটি বেসরকারি হাসপাতালের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট লভনীত বাত্রা জানাচ্ছেন, খেজুর খাওয়ার প্রকৃত কারণ।

তিনি বলেন, খেজুর সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল। যা ফ্রুকটোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। এর পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়,  চারটি বা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মি.লি. গ্রাম ক্যালসিয়াম, ২.৮ গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর শক্তির একটি ভালো উৎস। তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি। যা ভিটামিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

এ ছাড়া, খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায়। হৃৎপিণ্ডের সবচেয়ে নিরাপদ ওষুধ খেজুর। পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আঁশে পূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। তাই যারা নিয়মিত খেজুর খান, তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও অনেক কম থাকে।

খেজুরে থাকা আয়রন ও ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে। প্রচুর পটাসিয়াম পাওয়া যায় খেজুর থেকে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অল্পতেই শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে।

খেজুরের পুষ্টিগুণ প্রচুর। সুগারের পরিমাণ এত বেশি থাকে খেজুরে যে এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, গ্লুকোজ, ম্যাগনেশিয়াম ও সুক্রোজ থাকে। যে কারণে খেজুর খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায়। সারা দিন উপোস করে শরীরে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি জোগাতে সাহায্য করে খেজুর।

উপোস করলে সাধারণত অ্যাসিডিটি হয়। যার থেকে অস্বস্তি হতে থাকে। খেজুর শরীরে অ্যাসিডের মাত্রা বশে রেখে অস্বস্তি কমায়। সারা দিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তাই খেজুর খেয়ে উপোস ভাঙলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে। তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়।

অনেকক্ষণ না খেয়ে থাকলে তা পুষ্টিতন্ত্রের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খেজুর শরীরে উৎসেচক ক্ষরণে সাহায্য করে। ফলে হজম ভালো হয়। উপোস করার ফলে শরীরে যে খারাপ কোলেস্টেরল জমা হয় তা ডিটক্সিফাই করতে সাহায্য করে খেজুর।

অন্যদিকে, বাজারে বর্তমানে বিভিন্ন জাতের বরই পাওয়া যাচ্ছে। জাত ভেতে ৮০ টাকা থেকে ১৫০ টাকায় মিলছে প্রতি কেজি। পেয়ারার দামও এমনই। ইফতারে এই ফলগুলো খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তবে পুষ্টিবিদরা বলছেন, এই দুটি ফলই পুষ্টি উপদানের দিকে দিয়ে খেজুরের ধারে কাছেও নেই। পানি জাতীয় এই ফল দুটি সারাদিন রোজা রাখার পর খালি পেটে খাওয়া ঠিক নয়।

পুষ্টিবিদ ও ইসলামিক আলোচকরা বলছেন, খেজুরের সাথে যে ধর্মীয় আবেগ ও পুষ্টিগুণের বিষয়গুলো রয়েছে, তা কখনো বরই দিয়ে পূরণ করা সম্ভব না। তাদের অনেকে খেজুর আর বরইয়ের মধ্যে একটিকে অপরটির বিকল্প হিসেবেও মনে করেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন বলেন, পুষ্টিগুণ চিন্তা করলে খেজুর আর বরইয়ে ক্যালরির তফাত অনেক বেশি। বরইয়ে ক্যালরির পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি থাকে। এ ছাড়া অন্যান্য নিউট্রিয়েন্ট বা পৌষ্টিক উপাদানগুলো বরইয়ে খেজুরের তুলনায় কম থাকে।

ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, বরইয়ের মধ্যেও অনেকগুলো নিউট্রিয়েন্ট থাকে যেগুলো খুব ভালো বা উপকারী। তবে যদি বিকল্প হিসেবে চিন্তা করেন তাহলে বরই কখনো খেজুরের বিকল্প না।

তারা বলছেন, ইফতারিতে খেজুর খাওয়ার বিষয়টা সৌদি আরবে যেমন সহজলভ্য বাংলাদেশে তেমনটা নয়। সৌদির কারণে বাংলাদেশে ইফতারিতে খেজুর রাখা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, রমজানের ইফতারিতে খেজুর মানুষের মনের একটা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তৈরি করে। যদি সেটা সুলভ হয় তাহলে মানুষের চাহিদাটা মেটে। কিন্তু যখন বাজার দরের ব্যাপারটা মানুষের আয়ত্তের বাইরে চলে যায় তখন মানুষ অস্বস্তি বোধ করে।

খেজুরের বিকল্প হিসেবে বরই খাওয়ার এই বক্তব্য নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। অধ্যাপক ইব্রাহিমের মতো আরও অনেকেই বলছেন, খেজুর বাধ্যতামূলক না হলেও খেজুর ছাড়া ইফতারি অনেকটা অসম্পূর্ণ মনে হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন