Logo
Logo
×

সংবাদ

রেস্টুরেন্টে অভিযান: সাংবাদিকদের ভেতরে না ঢোকার অনুরোধ ম্যাজিস্ট্রেটের

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:৪৯ পিএম

রেস্টুরেন্টে অভিযান: সাংবাদিকদের ভেতরে না ঢোকার অনুরোধ ম্যাজিস্ট্রেটের

একটি রেস্টুরেন্টে অভিযান। ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডে নৃশংস অগ্নিকাণ্ডের পর আশপাশের ভবন এবং রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে অভিযান পরিচালনার সময় রেস্টুরেন্টের ভেতরে সাংবাদিকদের না ঢোকার বার বার অনুরোধ করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মনির হোসেন হাওলাদার।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেইলি রোডের বিভিন্ন মার্কেট ও রেস্টুরেন্ট এবং দোকানে অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন অনিয়ম থাকায় এরইমধ্যে বেইলি রোডে নবাবী ভোজ নামক একটি রেস্টুরেন্টকে সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও অগ্নি নিরাপত্তা ছাড়পত্র না থাকার কারণে সুইস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
আবার নাভানা বেইলি স্টার এবং ক্যাপিটাল সিরাজী শপিং সেন্টার মলেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাপিটাল বেইলি ডেইলি নামক আরও একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।
 
তবে অভিযান পরিচালনার সময় দোকান বা রেস্টুরেন্টের ভেতরে গণমাধ্যমকর্মীদের না যেতে বারবার অনুরোধ করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মনির হোসেন হাওলাদার।
 
এসময় রাজউকের তদারকিতে গাফিলতি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে ম্যাজিস্ট্রেট মনির হোসেন বলেন, রাজউক সব সময় অভিযান পরিচালনা করলেও সেটা সব সময় সামনে আসে না। বড় কোনো ঘটনা আসলেই সামনে আসে।
 
এদিকে, সকাল থেকে খিলগাঁওয়ের তালতলা এলাকায় গড়ে ওঠা রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
 
অভিযানে খিলগাঁওয়ের তালতলাতে একটি ছয়তলা ভবনের প্রতি ফ্লোরেই রেস্টুরেন্ট রয়েছে এমন একটি ভবনের পাওয়া যায়। সেখানে মালিকপক্ষের কেউ না থাকায়; শর্মা কিং নামের একটা রেস্টুরেন্ট অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যানার ঝুলিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানের খবর পেয়ে বাকিগুলো বন্ধ করে রেখে পালিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ অভিযান পরিচালনা করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। 
 
এর আগে, সোমবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডি, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অর্ধশত রেস্তোরাঁয় একযোগে অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পুলিশ। এসব অভিযানে বেশকিছু রেস্তোরাঁ সিলগালা করা হয়। একইসঙ্গে বিভিন্ন রেস্তোরাঁর বেশ কয়েকজনকে আটক ও টাকা জরিমানা করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে করা কয়েকটি রেস্তোরাঁ ভেঙেও ফেলা হয়েছে।

গতকালই রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ১২টি রেস্তোরাঁ সিলগালা করে রাজউক। একইসঙ্গে ভবনটির রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে রুফটপ রেস্তোরাঁটি ভাঙার কাজ করে রাজউক।

এ সময় ভবনের অন্যান্য রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। আবার রাজধানীর সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা করে দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি দল ভবনটিতে অভিযান চালানোর পর সেটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  
  
গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি সাততলা ভবনে আগুন লাগে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনের প্রায় প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্ট ছিল। এ অগ্নিকাণ্ডের পরই রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। তারপরই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ভবনের অগ্নিনিরাপত্তার বিষয়টি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন