বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করতে গিয়ে ছাত্রলীগের অর্তকিত হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর ২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। মীর মশাররফ হোসেন হলের ফটকে কাছে গেলে মিছিলে হামলা করে ছাত্রলীগ।
এসময় ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হন। এছাড়া শফিকুল ইসলাম নামে একজনকে হলে ধরে নিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
জাবি ছাত্রদলের শহীদ রফিক-জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল করে মীর মশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডাবাহিনী আমাদের ওপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নাইমুল হাসান কৌশিক ও মুরাদ হোসেন আহত হন এবং শফিকুল ইসলামকে ছাত্রলীগ হলে ধরে নিয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রদল নেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক, শফিকুল ইসলাম, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ প্রমুখ।
