এস আলমের চিনিকলের আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
ইউএনবি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম
আগুনে পুড়ছে এস আলমের সুগার মিল
প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী।
এদিকে, আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা এ কমিটি গঠন করেছে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত এই তথ্য জানান।
তিনি জানান, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের আগুন নির্বাপণ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ সদস্য, নৌবাহিনীর ১২ সদস্যের ২টি টিম, বিমানবাহিনী, কোস্ট গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে।
উল্লেখ্য, সোমবার বিকাল চারটার দিকে কর্ণফুলী ইছানগর এলাকায় এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, আগুনে তাদের গোড়াউনে রাখা এক লাখ টন অপরিশোধিত চিনি সম্পূর্ণ পড়ে গেছে। মোট ক্ষয়ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।
