Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান, আটক ৫২

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৪:৪৫ এএম

রাজধানীতে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান, আটক ৫২

ধানমন্ডির একটি ভবন, যেখানে অধিকাংশই রেস্টুরেন্ট। ছবিটি ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর বেইলি রোডে একটি একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনার পর বিভিন্ন স্থানে আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে অভিযান শুরু হয়েছে। রবিবার গভীর রাত থেকেই ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টে ধারাবাহিক অভিযান শুরু হয়। বিভিন্ন এলাকায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫২ জনকে আটক করা হয়েছে। সিলগালা করা হয়েছে একডজনের বেশি রেস্টুরেন্ট।

ঢাকা মহানগর পুলিশ, সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছে।

রবিবার ধানমন্ডি সাতমসজিদ রোডের সব বুফে রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিটের ২০টি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়; সেখান থেকে ১৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন সোমবার সন্ধ্যায় বলেন, ফায়ার সেফটির বিষয়ে জিরো টলারেন্স নিয়েই মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের মধ্যে রেস্টুরেন্টর মালিক ও কর্মচারিদেরকেই আটক করা হচ্ছে। কারণ মালিকরা রেস্টুরেন্টয় বসে থাকেন না। তবে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

জানা গেছে, প্রথমে রবিবার সন্ধ্যায় অভিযান শুরু হয় এয়ারপোর্ট, উত্তরা ও ধানমন্ডি থানা এলাকায়। উত্তরা জোনে আটক করা হয় ১৭ জনকে। ধানমন্ডি এলাকায় অন্তত ২২টি রেস্টুরেন্টয় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। এই ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

এদিন দুপুরে গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালিয়েছে রাজউক। অভিযান চলাকালে ভবনের ছাদে থাকা রুফটপ রেস্টুরেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া ভবনের সবকটি  রেস্টুরেন্ট সিলগালা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার। এই ভবনে বুফে রেস্টুরেন্ট আছে সাতটি। ভবনটির বাণিজ্যিক এফ-১ ক্যাটাগরির অনুমোদন থাকলেও রেস্টুরেন্টের জন্য এফ-২ ক্যাটাগরির অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তারা। সেটি না থাকায় সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

সাত মসজিদ রোডের জিএইচ হাইটস ভবনেও অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানকার একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী জানিয়েছেন, সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এখানে তেমন কোনো অনিয়ম খুঁজে পায়নি পুলিশ। তবে সোমবারের অভিযানের কারণে ধানমন্ডির ঝিগাতলা থেকে ১৯ নম্বর রোড পর্যন্ত ৮০ শতাংশ রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।

এদিকে পুলিশ জানায়, সোমবার রাজউকের অভিযানের পর ধানমন্ডির টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা ১২টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ১টি রেস্টুরেন্টকে।

রাজউক পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এই ক্যাটাগরি অনুসারে ভবনটি অফিস হিসেবে ব্যবহার করার কথা। কিন্তু আমরা পরিদর্শনে এসে মাত্র দুটি ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে ব্যবহারের প্রমাণ পেলাম। বাকি অংশে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। তার সঙ্গে ওষুধ ও কাপড়ের দোকানও পেয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউক ছাড়াও সিটি করপোরেশন কিংবা কলকারাখানা অধিদপ্তরসহ সংশিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকেও বিষয়টি অবগত করব। নিয়মের ব্যত্যয় যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। যেসব ভবন সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোর আদেশ ঢাকা জেলা প্রশাসনে বরাবর পাঠানো হবে। তারা পরবর্তী সময়ে ব্যবস্থা নেবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ- এই তিনটি সংস্থা মিলে আজ এই ভবনে অভিযান পরিচালনা করেছি। এতে অগ্নিঝুঁকি প্রতীয়মান হয়েছে। যদিও আগে রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হযেছিল। অভিযানের সময় ওপর তলা ভিসা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডমিশন নামের একটি প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূতভাবে ইন্টেরিয়র ডিজাইন করেছে- এমন দেখতে পাই। পরে এখান থেকে ওই প্রতিষ্ঠানের ইমন, টগন, রফিক নামের তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তিনি বলেন, আমরা বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করেছি এবং তারা সেই টাকা পরিশোধও করেছেন। বাকি মুচলেকা প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি পাবেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা উত্তর (জোন-২) এর উপসহকারী পরিচালক তানহারুল ইসলামসহ অন্যান্য ওয়্যার হাউজ ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন।

এদিকে, রাজধানীর ওয়ারী এলাকায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন। শুরুতে তারা র‌্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্টুরেন্টের ভেতরে কিচেনের পাশে এক্সিট থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে উপ-কমিশনার আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে।

সোমবার বিকেলে ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রেস্টুরেন্ট ম্যানেজার মো. সালাউদ্দিন আহম্মে (২৯) ও আরেক ম্যানেজার মো. সাইফুল ইসলাম ওরফে শিমুল (৩০)।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজের আগুনে নারী শিশুসহ ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। এরপর রবিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন