আগুনে ক্ষতিগ্রস্ত বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবন
বেইলি রোড ট্র্যাজেডি নিয়ে দায়িত্বশীল সংস্থাগুলো বিভিন্ন অযুহাত দিয়ে দায় এড়িয়ে যেতে চাইছে। অথচ, এতোগুলো মৃত্যুর দায় কোনো অযুহাতেই এড়ানোর সুযোগ নেই। একইসঙ্গে এই দায় মেনে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদ থেকে সরে যাওয়া উচিত বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘অগ্নি দুর্ঘটনার পুনরাবৃত্তি: প্রাণহানির শেষ কোথায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা এমন মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যাক্তি ও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য ড. তানিয়া হক ও মো. আমিনুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব কাজী আরফান আশিক বক্তব্য রাখেন।
কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, একটি ভবনের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তরসমূহকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা একান্তই প্রয়োজন। এ ধরনের দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানার ব্যবস্থা থাকা প্রয়োজন।
আমাদের আইনেও বিস্তারিত উল্লেখ আছে, কিন্তু প্রয়োগ ঠিকমত হচ্ছে না। এটিই সমস্যা জিইয়ে রাখছে। সরকারি নিয়ন্ত্রণ সংস্থার উদাসীনতা, ম্যানেজ হওয়ার প্রবণতা ও দায়িত্বহীনতা প্রতীয়মান হচ্ছে।
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রে মামলা হয়নি। আবার দু-একটি ক্ষেত্রে মামলা হলেও সাজার কোনো নজির নেই। অধিকাংশ ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিগত বছরগুলোতে সংঘটিত বড় বড় অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনাগুলো থেকে আমরা যথাযথ শিক্ষা গ্রহণ করিনি। কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
অগ্নিকাণ্ড নিয়ে দেশে মোট ২২টি আইন এবং হাইকোর্টের একটি জাজমেন্ট আছে। সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন অন্যান্য বক্তারা।
