আবাসিক এলাকায় রেস্টুরেন্টসহ বাণিজ্যিক স্থাপনা বন্ধে রিট
বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৮:৪৯ পিএম
বাংলাদেশ হাইকোর্ট। ফাইল ছবি
বেইলি রোডসহ সব আবাসিক এলাকায় রেস্টুরেন্টসহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা বন্ধ চেয়ে হাইকোর্ট রিট পিটিশন দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ককর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আখন্দ।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও বেশ কয়েকজন। যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ভবনের প্রথম তলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মাত্র এক মাস আগে ভবনটির নিচতলায় এ রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে।
এদিকে, রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আরো একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটে প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে রিটে সরকারের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত জাহান জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়েছে।
