স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ফাইল ছবি
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
শনিবার বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে কয়েকজনের বিপদ কেটে যাওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে সকাল পর্যন্ত ১১ জন আহত রোগী ছিলেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালেই থাকবেন, কারণ তারা এখনো কেউ শঙ্কামুক্ত নন। আর বাকি ৬ জনকে আমরা ছেড়ে দেব, তারা মোটামুটি ভালো আছে।’
যারা এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তাদের শ্বাসনালী পুড়ে গেছে, একটু কমপ্লিকেশন আছে। যার জন্য আমরা তাদের রেখে দিয়েছি। তাদেরকে আরও কয়েকদিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কী করা যায়।’
আহতদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। আহতদের সবাই এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া তিনজনকে আটকও করা হয়েছে
