Logo
Logo
×

সংবাদ

বেইলী রোড ট্রাজেডি:অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে অভিন্ন মত লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে  

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৮:৫০ পিএম

বেইলী রোড ট্রাজেডি:অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে অভিন্ন মত
লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে  

রাজধানীর বেইলী রোডের ভয়াবহ আগুনে সর্বশেষ তথ্য অনুযায়ি ৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আগুনে মারাত্মক ভাবে দগ্ধ অন্তত ৬৫ জনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।  

ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিক তথ্যে এ অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে প্রায় অভিন্ন পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শী ও কাচ্চি ভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন তথ্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকেও। 

প্রত্যক্ষদর্শী রিফাত নামের এক ছাত্রলীগ নেতা বলছেন, বহুতল ভবনটির নিচে থাকা একটি চায়ের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ দাবি করেন।

নিজেকে পল্টন থানা ছাত্রলীগ নেতা হিসেবে দাবি করে রিফাত বলেন, আমরা বন্ধুরা মিলে প্রায় প্রতিদিনই ওখানে আড্ডা দেই। হঠাৎ শুনি সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ। এরপর আগুন ছড়িয়ে পড়ে। ভবনের সিঁড়িও অনেক সরু। সিঁড়িতেও বেশ কয়েকটি সিলিন্ডার রাখা ছিল। সেগুলোও বিস্ফোরিত হয়েছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগুন দেখে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই, পুলিশকেও ফোন দেই। ফায়ার সার্ভিস আসতে একটু লেট করেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। আগুন লাগার সময় আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। আগুনের চাইতে ধোঁয়ায় বেশি মানুষ মারা গেছে। তার দাবি ওই অগ্নিকাণ্ডে তার ফুপাতো ভাইয়ের স্ত্রীসহ দুই সন্তানও মারা গেছে। 

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের বলেছেন, ভবনের আন্ডারগ্রাউন্ড (নিচতলা) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি। তবে শর্টসার্কিট না গ্যাসের কারণে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। এখান থেকে আলামত সংগ্রহ করে ল্যাবে ক্যামিকেল টেস্ট করা হবে। এরপর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দেওয়া বার্তায় দাবি করেছে, আগুনের সূত্রপাত হয়েছে ওই ভবনের নিচতলার একটি রেস্টুরেন্ট থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর অভিজাত এই এলাকার ৭ তলা ওই ভবনটির প্রায় পুরোটাতেই বিভিন্ন রেস্টুরেন্ট। ফলে সিঁড়িসহ বিভিন্ন স্থানে এলপি গ্যাসের সিলিন্ডার রাখা ছিলো। অগ্নিকাণ্ডের শুরুতেই সেগুলো বিস্ফোরিত হয়। এতে ভবনটিতে খুব দ্রুতই গ্যাস ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। লিফট বিকল হয়ে যায়। এবং সিঁড়িতে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার থাকায় আটকে পড়া লোকজন নামতে পারেনি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বেশিরভাগ মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

ভবনে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না— এমন অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘দ্বিতীয় তলা ছাড়া ভবনটার প্রতিটি ফ্লোরের সিঁড়িতে ছিল সিলিন্ডার। যেটা খুবই বিপজ্জনক ব্যাপার। কারণ, আগুন লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়, যা ভয়ংকর ও বিপজ্জনক। ভবনটা মনে হয়েছে অনেকটা আগুনের চুল্লির মতো।

তিনি আরও বলেন, আমরা তদন্ত করে দেখছি ভবনটা অত্যন্ত বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ছিল।

মো. মাইন উদ্দিন আরো জানান, ওই ভবনটির তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া অন্য সব তলায় রেস্তোরাঁ ছিল। মূলত এসব কারনেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

এদিকে বেইলী রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার বলেন, লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে ওই কমিটির প্রধান করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান রাত আড়াইটার দিকে সাংবাদিকদের বলেন, ওই ভবনের নিচতলায় একটি কফির দোকান রয়েছে। সেখানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন।
এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। শুক্রবার  ভোর ৫টা ৪১ মিনিটে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। 

বৃহস্পতিবার রাত ২টার পর থেকে লাশ হস্তান্তরের জন্য নিহতদের স্বজনদের তথ্য চায় ঢাকা জেলা প্রশাসন। তথ্য সংগ্রহ সাপেক্ষে লাশ শনাক্তের পর মরদেহ হস্তান্তর শুরু হয়।

লাশ হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত ঢাকা জেলা প্রশাসনের কাছে নিহত ১৬ জনের তথ্য রয়েছে। রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক গোলাম হোসেন বলেন, নিহতদের স্বজনেরা যাদের শনাক্ত করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন