রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। একই সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রীর বিচার চেয়ে তিনি বলেছেন, তিনি জানেন না কী কারণে সাবেক শিক্ষামন্ত্রীর স্কুলটির প্রতি কুনজর পড়েছে? তিনি সাবেক শিক্ষামন্ত্রীর বিচারও দাবি করেন।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। কামাল আহমেদ মজুমদার অভিযোগ করেন, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ এখন ধ্বংসের মুখে পড়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ করে সাবেক শিক্ষামন্ত্রী ও ঢাকার জেলা প্রশাসকের কারসাজিতে জামায়াতকে তাঁর গড়া শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্ষমতায় বসানো হয়। গত শিক্ষাবর্ষে ফল বিপর্যয় হয়েছে। কামাল মজুমদার জানান, প্রতিষ্ঠানটিতে ২৩০০ ছেলেমেয়ে ফেল করেছে। আগের বছর থেকে ১২০০ ছেলেমেয়ে জিপিএ-৫ কম পেয়েছে।
সাবেক এ প্রতিমন্ত্রী আরও বলেন, তার নির্বাচনী এলাকা (মিরপুর-কাফরুল) অসংখ্য জামায়াতের নেতাকর্মী বসবাস করে। ইতোমধ্যে জামায়াতের আমির (শফিকুর রহমান চৌধুরী) প্রার্থী হয়েছিলেন। সেখানের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, সেটি এখন ধ্বংসের মুখে পতিত হয়েছে।
কামাল মজুমদার তার বক্তব্যে সাবেক শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করেননি। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। আর শিল্প প্রতিমন্ত্রী ছিলেন কামাল আহমেদ মজুমদার। প্রতিমন্ত্রী থাকাকালে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের কষ্ট হচ্ছে এমন বক্তব্য দিয়ে তিনি আলোচনার ঝড় তুলেছিলেন। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন, শিল্পমন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নতুন করে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলেও মন্ত্রীত্ব পাননি আওয়ামী লীগের প্রবীণ নেতা কামাল আহমেদ মজুমদার।
