অর্থ সংকটের কারণে বড় ইফতার পার্টি না করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
সরকারের কৃচ্ছ্রসাধনের নীতিতে আওতায় আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদ্যাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সারা দেশে আর্থিক সংকটের কারণে বেসরকারিভাবেও বড় ইফতার আয়োজন নিরুৎসাহিত করা কথা বলা হয়েছে ।
বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা নির্দেশনা আছে, সেটা হলো রমজান মাসে সরকারিভাবে বড় করে কোনো ইফতার পার্টি উদ্যাপন করা যাবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারিভাবেও বড় করে ইফতার আয়োজন নিরুৎসাহিত করা হয়েছে। সচিব বলেন, বলা হয়েছে কেউ যদি একান্তই চায়, তাহলে যেন সেই অর্থে খাদ্য কিনে গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
গত অর্থ বছরে ২০২৩-২৪ অর্থবছরের শুরু থেকে সরকারের কৃচ্ছ্রসাধনের নীতিতে সরকারি ব্যয়ে ১৫,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছিল। বুধবার অর্থ বিভাগ থেকে এ তথ্য পাওয়া যায়।এই অর্থের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাত থেকে সাশ্রয় হয়েছে ১,০৯৩ কোটি টাকা। এছাড়া, পণ্য ও সেবাসহ পূর্ত কাজ এবং শেয়ার ও ইক্যুইটিতে বিনিয়োগের লাগাম টেনে সাশ্রয় হয়েছে প্রায় ১৪,০০০ কোটি টাকা।তবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ার কারণে এই দুই খাতে বরাদ্দের ২০ শতাংশ সাশ্রয়ের যে নির্দেশনা দিয়েছিল অর্থমন্ত্রণালয়, তা কোনো কাজে লাগেনি। সরকারি দপ্তরগুলো ব্যবহারে কিছুটা সাশ্রয়ী হলেও দাম বাড়ার কারণে সরকারি চাকরিজীবীদের পেট্রোল ও বিদ্যুৎ ব্যবহার থেকে কোনো অর্থ সাশ্রয় করতে পারেনি সরকার।জাতীয় পে-স্কেল অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট, পদোন্নতি স্বাভাবিকভাবেই হয়েছে। তাদের কোনো উৎসব ভাতাও কমানো হয়নি। তবে বিভিন্ন সভায় যোগদান করলে চাকরিজীবীরা যে সম্মানী পান, সেটি স্থগিত করার পাশাপাশি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে এ খাত থেকে অর্থ সাশ্রয় হয়েছে।
