পালিত হচ্ছে মহিমান্বিত রজনী শবে বরাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ এএম
পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে লায়লাতুল বরাত বা শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় আল্লাহর কাছে দু’হাত তুলে মোনাজাত করছেন তারা। পাশাপাশি মৃত আত্মীয়-স্বজনের আত্মার মাগফেরাত কামনায়ও দোয় করছেন তারা। মসজিদে মসজিদে দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন মুসল্লিরা।
ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত ‘লাইলাতুল বরাত’। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ।
পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। শবেবরাতের রাতে ইবাদতের পর অনেকে পরের দিন নফল রোজাও রাখেন।
শবেবরাত হলো ক্ষমার রাত। মানুষ ইচ্ছায়-অনিচ্ছায়, শয়তানের কুমন্ত্রণায়, নফসের তাড়নায় বিপথগামী হয় পড়ে, পাপাচারে লিপ্ত হয়। মানুষের পাপ মোচনের জন্য আল্লাহ তওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। বিশেষ কিছু দিবস ও রজনি দিয়েছেন, এর মধ্যে অন্যতম ও বরকতময় রজনি হলো-শবেবরাত।
মূলত: এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হয় বিশেষ বয়ান, জিকির ও দোয়া-দরুদ। কেউ মসজিদে কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তিলাওয়াত করছেন।
পবিত্র শবে বরাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর পাড়া-মহল্লার মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছেন। সারা দেশেই মসজিদগুলোতে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব নিয়ে আলোচনা করছেন আলেমরা।
মহান আল্লাহর কাছ থেকে আমাদের পাপ মোচন করানো এবং ভাগ্যোন্নয়নের জন্য প্রার্থনা করার এটাই শ্রেষ্ঠ সুযোগ। শবেবরাত রজনিতে নিজের যাবতীয় গোনাহের জন্য তাওবা করে রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করা। নিজের মনের নেক আশা-আকাঙক্ষা পূরণের জন্য ও মৃতদের মাগফিরাতের জন্য বেশি বেশি করে দোয়া করা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের প্রস্তুতি হিসেবে যে রাত দিয়েছেন সেই পবিত্র শবেবরাত পালনে প্রত্যেক মুসলমানেরই আন্তরিক হতে হবে, পাশাপাশি সচেতন থাকতে হবে যাতে এ রাতে কেউ কোন ধরণের অপকর্ম বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সু্ষ্ঠু ও সুন্দরভাবে এ রাতটি কাটানোর মধ্যেই আল্লাহর রহমতপ্রাপ্তির সম্ভাবনা। সে জন্য সবারই উচিত মহিমান্বিত এ রাতের পবিত্রতা রক্ষা করা।
