মামলা করে কী লাভ হবে, দেশে কোনো বিচার আছে? আয়হামের বাবার প্রশ্ন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ এএম
সুন্নতে খৎনা করাতে গিয়ে লাশ হলো আরেক শিশু
‘কী লাভ হবে মামলা করে? এই দেশে কোনো বিচার আছে?’-রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খৎনা করাতে গিয়ে মারা যাওয়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের বাবা ফখরুল আলম ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।
ছেলের মৃত্যুর ঘটনায় মুষঢ়ে পড়েছেন তারা বাবা-মা ও স্বজনরা। বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আয়হামের বাবা বলেন, ‘ছেলেকে তো ওটিতে ঢুকিয়ে দিলাম। ও বলছিল একটু ভয় লাগছিল। আমি বলেছিলাম, বাবা কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এরপর ওটিতে ঢুকল, আর সব শেষ। আমার ছেলে খুব উৎফুল্ল মনে ওটিতে ঢুকেছিল, খুব উৎফুল্লভাবে। তার খৎনা করানো হবে, এতে সে খুব খুশি ছিল।’
তিনি বলেন, ‘আমাকে বলেছে ১১টার সময় ছেলের লাশ দিয়ে দেবে। এখন ডাক্তার বলছে পাঁচটা-ছয়টা বাজবে। আমি চাইনি মামলা করার জন্য, মামলার দরকার নেই। আমার ডিষ্ট্রিক্ট কমিশনার আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন মামলা করতে হবে, তারা পদক্ষেপ নেবেন।’
আপনি মামলা করতে চাননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কী লাভ হবে মামলা করে? এই দেশে কোনো বিচার আছে? এই যে আমি হয়রানির শিকার হচ্ছি। গতকাল থেকে সারাদিন আমি অফিস করে বাচ্চাকে নিয়ে গেছি, পুরো রাত সজাগ, সারাটা দিন সজাগ, ঘুমাতে পারিনি।’
ফখরুল আলম বলেন, ‘ছেলে সুস্থ ছিলো অথচ এখন বলা হচ্ছে ছেলে অসুস্থ ছিলো। আমার সুস্থ ছেলে, পাঁচ দিন (সপ্তাহে) স্কুলে যায়। তারপর স্কাউটেও জয়েন করেছে, সে ক্লাস ক্যাপ্টেনও। সে যদি অসুস্থ হতো, তাহলে তো এগুলোতে জয়েন করত না।’
মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নতে খৎনা করাতে আসেন শিশু আয়হামের বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। রাত আটটার দিকে খৎনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আহনাফের। এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তবে স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় আহনাফকে। যে কারণে তার আর জ্ঞান ফেরেনি।
