Logo
Logo
×

সংবাদ

মিয়ানমার পরিস্থিতির কারণে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা

মিয়ানমার পরিস্থিতির কারণে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৬ এএম

মিয়ানমার পরিস্থিতির কারণে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা

মিয়ানমার পরিস্থিতির কারণে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা

প্রতিবেশী মিয়ানমারে অভ্যন্তরীণ যে সংঘাত চলছে এর কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। এটা নিয়ে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী দেশটির একটি থিংট্যাংকের আলোচনায় বলেছেন, যে পরিস্থিতি এখন মিয়ানমারে আছে, এই পরিস্থিতির কারণে বিশেষ করে রাখাইনের সঙ্গে যে যুদ্ধ চলছে, এর কারণে আমাদের (বাংলাদেশ) দেশের নিরাপত্তা, আমাদের এবং ভারতের দুটি দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ ব্যাপারে আমাদের আরও পদক্ষেপ নেওয়া উচিত। আন্তর্জাতিক যেসব গোষ্ঠী আছে, যারা এখানে আছেন, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীন—এদের কাছে বিষয়টা উপস্থাপন করা উচিত।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘এখানে যেটা দেখা যাচ্ছে, রাখাইনরা তাদের যুদ্ধ আমাদের সীমান্তের ওপর ফোকাস করেছে। এটার একটা কারণ হলো—সীমান্তে যে চৌকিগুলো আছে, এগুলো বিচ্ছিন্নভাবে আছে। খুব সহজে তারা দখল করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে—তাদের এই যুদ্ধের কারণে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ যদি এর সঙ্গে জড়িয়ে যায়, সেখানে রাখাইনরা এটার একটা অ্যাডভানটেজ নেওয়ার চেষ্টা করতে পারে। কেবল সেটা না, দুই বছর আগে একটা ভিডিও গণমাধ্যমে এসেছিল, যেখানে কিছু রোহিঙ্গা নারীদের এনে ভিডিওটা করা হয়েছে। তাতে যিনি প্রশ্ন করছিলেন, প্রশ্নটা ছিল—আপনারা কি মিয়ানমারের নাকি। তখন ওই নারীরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে—আমরা মিয়ানমার চিনি না, আমরা এখানেই থাকবো।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘এ জন্য আমি জিনিসটা উপস্থাপন করলাম। কারণ এখানে অনেক রকম দুরভিসন্ধি আছে। তখনকার কিছু ঘটনায় আমরা দেখেছি—রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তানি নাগরিকরাও বেশ অ্যাকটিভ ছিল এবং দুই-তিন জন ধরাও পড়েছিল। সুতরাং আমি মনে করি, বিশেষ করে যেহেতু কক্সবাজার আর মিয়ানমার পাশাপাশি এবং ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে আমাদের এখানে আছে। ফলে সেখানে কিছু সন্ত্রাস হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এগুলো পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে অনেকেই মনে করেন। যেটা ডোলান্ড লু তার বক্তব্যে বলেছেন। তাই আমি বলবো, এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে এখানে চারটি দেশ ভারত ওতপ্রতভাবে জড়িত। কারণ ভারতেরও নিরাপত্তা, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে এটার একটা ইমপ্যাক্ট হতে পারে। সুতরাং, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন এবং যুক্তরাষ্ট্র এদের মধ্যে একটা যৌথ উদ্যোগ নেওয়া উচিত, এই বিষয়গুলো দেখার জন্য।’

এর আগে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে চলমান অস্থিরতায় নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হবে এবং প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব অব্যাহত থাকবে বলে ঢাকা ও দিল্লিকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মিয়ানমারের পরিস্থিতি শিগগিরই উন্নতি হচ্ছে না এবং বাংলাদেশ ও ‘সম্ভবত ভারতের জন্যও’ যে শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে তা আরও গভীর হতে পারে বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক ইউএস ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি)—এ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক কৌশলের দুই বছর পূর্তি উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও পেন্টাগনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন লু।

ইন্দো-প্যাসিফিক কৌশলের উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার সফলতার প্রশংসা করেছেন ডোনাল্ড লু। এক্ষেত্রে ভারতের মতো অন্যান্য অংশীদারদের সহযোগিতাের কথাও উল্লেখ করেন তিনি। ভারতের প্রতিবেশী সম্পর্কে ওয়াশিংটনের চিন্তা-ভাবনার বিষয়ে তিনি জানান, সম্প্রতি মালদ্বীপ সফরকালে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, বেইজিং যদি অন্যান্য দেশের সঙ্গে ‘সত্যিকারের প্রতিযোগিতার’ সম্মুখীন হয়, তাহলেই চীন তাদের ভালো অংশীদার হতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন