Logo
Logo
×

সংবাদ

প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন নিয়ে ভিন্নমত স্থানীয় সরকার মন্ত্রীর!

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ এএম

প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন নিয়ে ভিন্নমত স্থানীয় সরকার মন্ত্রীর!

দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ইতিপূর্বে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম আশঙ্কা ব্যক্ত করে  বলেছেন, ‘দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো সমস্যা নেই। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করার সুযোগ পাবে। তবে এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ তৈরি হতে পারে।’

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব’ শীর্ষক এক পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দলীয় প্রতীক ছাড়া আসন্ন উপজেলা নির্বাচন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবার আশা থাকলেও সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এবারের উপজেলা নির্বাচনে আমি কাউকে প্রকাশ্যে এবং গোপনে মনোনয়ন দেবো না। স্থানীয় সরকারের জন প্রতিনিধিদের ইমেজ সংকট রয়েছে। স্থানীয় সরকারের পদগুলোকে যদি মর্যাদাপূর্ণ করা যায় তাহলে ভালো মানুষেরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘দুনীর্তি আমাদের দেশে কমবেশি সব জায়গাতে বিদ্যমান। দুনীর্তি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন। কাজ করতে গেলে দুনীর্তি হবেই। তবে ম্যাক্রো লেভেলে যে ধরনের দুনীর্তি হয় সেটা খুবই খারাপ। দুনীর্তির জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারি না। দুনীর্তিবাজ ব্যক্তি সুখি হতে পারে না। বর্তমানে যে মাত্রার দুনীর্তি হচ্ছে তা কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দুনীর্তি প্রতিরোধে সবাইকে শপথ গ্রহণ করতে হবে।’

এ সময় অবকাঠামো রাতারাতি তৈরি করা সম্ভব হলেও মানুষের চিন্তা চেতনার জগতে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের চিন্তা-ভাবনাও স্মার্ট হতে হবে।’

স্থানীয় সরকার শক্তিশালীকরণে এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন