Logo
Logo
×

সংবাদ

২০০৮ সালের পর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ এএম

২০০৮ সালের পর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি

বাংলাদেশের নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন হয়েছে। ২০০৮ সালের পর কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। নেই মানুষের বাক স্বাধীনতাও। নির্বাচনগুলো যে ভাবে হয়েছে এবং হচ্ছে তাতে ক্ষমতার পরিবর্তন বা পূর্ণ গণতন্ত্রও প্রতিষ্ঠা পাবে না।

বাংলাদেশে বর্তমানে “হাইব্রিড গণতন্ত্র” চলছে বলে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশ করা ২০২৩ সালের গণতন্ত্র সূচকে এসব তথ্য উঠে এসেছে। ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে। 

প্রতিষ্ঠানটি ২০২৩ সালে বিশ্বের ১৬৭টি দেশের শাসন ব্যবস্থা ও গণতন্ত্র সূচকের ওপর জরিপ চালায়। এতে বাংলাদেশের অবস্থান ২০২২ সালের চেয়ে দুই ধাপ পিছিয়ে বিশ্ব গণতন্ত্র সূচকে ৭৫ তম অবস্থানে নেমেছে বলে উল্লেখ করা হয়।

জরিপে, সবচেয়ে জনবহুল ১০টি দেশের মধ্যে বাংলাদেশ, ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই ৮ দেশে চলতি বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিংবা হবে। এর মধ্যে অর্ধেক দেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বা হবে না বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়ার বিষয়ে জরিপ বলছে, এই দেশগুলো নির্বাচনে বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন হয়েছে।

জরিপ পরিচালনায় প্রতিটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা এই চারটি ভাগে ভাগ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০২২ সালের ইআইইউ’র গণতন্ত্র সূচকে বাংলাদেশর অবস্থান ছিল ৭৩তম। ২০২৩ সালের সূচকে দুই ধাপ পিছিয়ে ৭৫ তম অবস্থানে নেমেছে বাংলাদেশ।

ইআইইউ বলছে, সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশে গণতন্ত্রের ধরন ছিল “ত্রুটিপূর্ণ”। এরপর ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র টানা “হাইব্রিড শাসনব্যবস্থা”-এ চলছে।

হাইব্রিড শাসনব্যবস্থার সঙ্গায় ইআইইউ বুঝিয়েছে, এধরনের ব্যবস্থায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। বিরোধী দলের ওপর রাষ্ট্রের চাপ থাকে। বিচারব্যবস্থা স্বাধীন থাকে না। সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর চাপ  প্রয়োগ ও হয়রানি করা হয়। দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটে, আইনের শাসন দূর্বল থাকে, নাগরিক সমাজ নির্বিকার থাকে; এগুলোই “হাইব্রিড শাসনব্যবস্থায় বিদ্যমান ও কার্যকর ভাবে থাকে।

২০২৩ সালের জরিপের সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৭। বাংলাদেশ পাঁচটি ধাপের মধ্যে সবচেয়ে কম স্কোর করেছে নাগরিক স্বাধীনতায়: চার দশমিক ৭১, রাজনৈতিক অংশগ্রহণে: পাঁচ দশমিক ৫৬ এবং সবচেয়ে বেশি নির্বাচনী প্রক্রিয়া ও বহুমতের অংশগ্রহনে: সাত দশমিক ৪২ স্কোর করেছে।

গণতান্ত্রিক দেশগুলোর তালিকায় নয় দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।

আর এই তালিকায় শূন্য দশমিক ২৬ স্কোর নিয়ে ১৬৭তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। মিয়ানমারের অবস্থান ১৬৬তম ও ১৬৫তম অবস্থানে উত্তর কোরিয়া।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন