Logo
Logo
×

সংবাদ

যতই হুমকি দিক ভয়ে রাতে তাদের ঘুম হয় না: নুর

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ এএম

যতই হুমকি দিক ভয়ে রাতে তাদের ঘুম হয় না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যতই হুমকি-ধমকি দিক, তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না। কারণ, তারা ভালো করেই জানেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তারা জোর-জবরদস্তি করে সরকার গঠন করেছেন।’ 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের উদ্যোগে ‘গণতন্ত্র-ভোটাধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্য ও আগ্রাসনবিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকারের কোনো পরিচয় নেই। এরা জনবিচ্ছিন্ন, মাফিয়া, লুটেরা, ডাকাত, সন্ত্রাসী, চোর। এই কারণে আজকে এদের কেউ পাত্তা দিচ্ছে না। এদের কথা কেউ শুনছে না।’ 

তিনি বলেন, ‘আগামীদিনে দেশের জন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। বিশেষ করে আজকে বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক কৌশল কী হবে, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পদ্ধতি কী হবে, পোশাক খাতের বিকল্প বাজার কোথায়, অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কী কৌশল নিয়েছে, এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। কারণ কতগুলো অশিক্ষিত, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাসী আজকে সংসদে বসে আছে। ওদের কাছে দেশপ্রেম, দেশের মানুষের জন্য কাজ করা, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। এরা আছে কে কীভাবে টাকা বানাবে সেই ধান্ধায়।’

নুর বলেন, ‘বাংলাদেশে গত ১৫ বছরে ছয় শতাধিকের বেশি মানুষকে গুম করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে তুলে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্তের ওপারে পাওয়া গেছে। ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন