ঢাকার মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবনের নিচতলায় বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, ‘আমরা ভয়ংকর পরিস্থিতিতে আছি। কারণ, আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক এখন নিজেদের মতো করে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাংক ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কিসের জন্য?’
ড. ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংক থেকে বের হয়ে গিয়ে আমরা গ্রামীণ টেলিকম ভবনটি বানিয়েছি। এটি ছিল আমাদের স্বপ্নের বীজতলা। আমাদের কর্মীরা নিয়মিত অফিস করছে; কাজকর্ম করছে। হঠাৎ চার দিন আগে বাইরের লোকজন এসে কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করে ফেলল। আমরা তাদের কাছে বাইরের লোক হয়ে গেলাম। তারা তাদের মতো করে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করছে। আমরা বুঝতে পারছিলাম না কী হতে যাচ্ছে।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমার ঘর জবরদখল হয়ে যাচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছিলাম, একটা জিডি করেছিলাম। জিডির কপি নিয়ে পুলিশ এসেছিল, কিন্তু কোনো সমাধান দেয়নি। আমরা অফিস করতে পারছি না।’
ড. ইউনূস বলেন, ‘হঠাৎ করে বাইরের লোক এসে বলবে, এটা আমাদের ঘর। এভাবে একটা দেশ চলে কীভাবে? আমাদের বিরুদ্ধে সকাল থেকে ঝাড়ুমিছিল হচ্ছে। কেন হচ্ছে তা বুঝতে পারছি না। আমরা নিজের বাড়িতেই আছি। দেশের মানুষের মঙ্গলের জন্য এসব প্রতিষ্ঠান কাজ করছে। নার্সিং কলেজ হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে। আমরা মানুষকে সেবা দিচ্ছি। প্রতিষ্ঠান যখন সফল, তখন বাইরের কিছু লোক এসে বলছে, আপনারা বের হয়ে যান। তখন আমরা কিছু বুঝতে পারি না। পুলিশকে বলেও লাভ হয়নি। এ জন্য দেশবাসীর কাছে ফরিয়াদ জানাচ্ছি। আমরা কার কাছে যাব। তাই গণমাধ্যমের দ্বারস্থ হয়েছি।’
১৩ তলা গ্রামীণ টেলিকম ভবনে ড. ইউনূসের নিয়ন্ত্রণে থাকা ১৬টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিটির চেয়ারম্যান ড. ইউনূস। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ কল্যাণ; গ্রামীণ টেলিকম; গ্রামীণ শক্তি; গ্রামীণ সামগ্রী; গ্রামীণ ফান্ড; গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন; গ্রামীণ কৃষি ফাউন্ডেশন এবং গ্রামীণ উদ্যোগ—এই আট প্রতিষ্ঠান ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনার তিন দিনের মাথায় সংবাদ সম্মেলন করেন ড. ইউনূস।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
