Logo
Logo
×

সংবাদ

টাঙ্গাইল শাড়ি পরে পহেলা ফাল্গুন উদযাপনের আহ্বান

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

টাঙ্গাইল শাড়ি পরে পহেলা ফাল্গুন উদযাপনের আহ্বান

এবারের পহেলা ফাল্গুন টাঙ্গাইল শাড়ি পরে উদযাপনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল। তিনি বলেছেন, ভারত যে টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক  নির্দেশক সংক্ষেপে জিআই দাবি করেছে তা ছিল অভাবিত। আর উন্নয়ন ব্যক্তিত্ব ও বেসরকারি প্রতিষ্ঠান প্রবর্তনার স্বত্তাধিকারী ফরিদা আখতার বলেছেন, টাঙ্গাইল শাড়ির জিআই’র বিষয়টিকে শুধু আবেগ দিয়ে দেখলে চলবে না, এটা আমাদের গর্বের ধন। একে ধরে রাখতে যে আইনি লড়াই চালানো দরকার তা চালাতে হবে, যে সব পদক্ষেপ নেয়া দরকার কালবিলম্ব না করে তা করতে হবে।

জার্মানিভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা আউটলুক এর শনিবারের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে তারা এ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলশানা পারুল।

বিবি রাসেল বলেন, তিনি তাতের শাড়ির কাজের জন্য সারা বাংলাদেশে যেমন চষে বেড়ান, তেমনি ভারতের পশ্চিমবঙ্গেও তিনি এ নিয়ে কাজ করেন। পশ্চিমবঙ্গের যে ফুলিয়ার শাড়িকে ভারত টাঙ্গাইল শাড়ি বলে দাবি করছে সেই ফুলিয়ায় তিনি নিয়মিত যান। সেখানকার কোন তাতী কোন দিন এই শাড়িকে টাঙ্গাইল শাড়ি বলে দাবি করেননি। সেখানে যে ‘বসাক’ সম্প্রদায়ের লোকজন শাড়ি তৈরি করেন তারা বাংলাদেশ থেকে গেছেন, কিন্তু তারা কখনো সেখানে উৎপাদিত শাড়িকে টাঙ্গাইল শাড়ি বলেননি।

বিবি রাসেল বলেন, তাত পণ্য হচ্ছে দরিদ্র মানুষকে মর্যাদার সাথে তাদের অবস্থার উন্নয়নে সহযোগিতা করার একটি বিষয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ফুলিয়ায় যে শাড়ি তৈরি হচ্ছে তার শতকরা ৭০ ভাগই মেশিনে উৎপাদিত। বিবি রাসেল বলেন, টাঙ্গাইল শাড়ির মালিকানা বাংলাদেশ না রাখতে পারলে একটা বড় ধরণের অর্থনৈতিক ক্ষতিও হবে। কেন না এটা একটা ব্র্যান্ড। বাংলাদেশ পুমা ও এডিডাসের অনেক পণ্য তেরি করে, কিন্তু সেগুলোর মালিকানা বাংলাদেশের না। টাঙ্গাইল শাড়ির জিআই ভারত পেলে এই শাড়ি রপ্তানি আয়ের ক্ষেত্রে ভারতকে র‌য়্যালিটি দিতে হবে।

এ ঘটনার প্রতিবাদস্বরূপ আর মালিকানা সারা দুনিয়াকে দেখাতে এবারের পহেলা ফাল্গুন টাঙ্গাইল শাড়ি পরে উদযাপনের আহ্বান জানান বিবি রাসেল। তিনি বলেন, ভারত এটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে, আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, সবাইকে প্রতিবাদ করতে হবে।

উন্নয়ন ব্যক্তিত্ব ফরিদা আখতার বলেন, টাঙ্গাইল শাড়ি এই শব্দটির মধ্যেই তো আছে যে এই শাড়িটা বাংলাদেশের। কারণ জিআই বা গ্লোবাল আইডেন্টিফিকেশনের সাথে ভৌগোলিক বিষয়টি জড়িত। টাঙ্গাইল বাংলাদেশের ৬৪ জেলার একটি জেলা। ভারতের পশ্চিমবঙ্গে টাঙ্গাইল নামের কোন জেলা নেই। ভারত এই শাড়িকে তাদের দাবি করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। তারা একে টাঙ্গাইল শাড়ি বলেছে, এই নামটির কারণে তাদের দাবিটা দুর্বল হয়ে গেছে। তিনি বলেন, এই শাড়ির সাথে শুধু কারিগরের বা তাতীর দক্ষতার বিষয়টিই জড়িত নয়। এর সাথে পরিবেশ, জলবায়ু, আবহাওয়া এসব জড়িত, পারিবারিক ঐতিহ্য ও দক্ষতারও একটা বিষয় আছে। এই শাড়িতে যে মাড় দেয়া হয় সে ধানের চাষও টাঙ্গাইল অঞ্চলেই হয়ে থাকে। তিনি বলেন, কিছু পণ্যের ব্যাপারে দু’দেশ দাবি করতে পারে, কিন্তু এই শাড়ির ব্র্যান্ডই হচ্ছে টাঙ্গাইল শাড়ি, তাই একে ভারতের দাবি করার বা ভাগ বসানোর কোন সুযোগই নেই।

ফরিদা আখতার বলেন, বিষয়টিতে আবেগ আছে, কিন্তু এটি শুধু আবেগের বিষয় নয়। এর সাথে বড় অর্থনৈতিক বিষয় জড়িত আছে। বাংলাদেশ এতদিন হয়তো বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। তবে এখন এর নিবন্ধন করেছে। আগামী দু’ মাসের মধ্যে বিষয়টিকে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন ফরিদা আখতার। তিনি বলেন, ভারত এই শাড়ি ছিনিয়ে নিতে চাচ্ছে এটা কোনমতেই হতে দেয়া যাবে না। এই শাড়ির সাথে আমাদের আড়াইশ বছরের ইতিহাস জড়িত। ফরিদা আখতার অভিযোগ করেন তাত শিল্পে যে পৃষ্ঠপোষকতা দেয়া দরকার বাংলাদেশে সরকার তা দিচ্ছে না পক্ষান্তরে ভারতের পশ্চিমবঙ্গ সরকার তা দিচ্ছে।

আলোচনায় এই দুই ব্যক্তিত্বই একমত পোষণ করেন যে, বাংলাদেশের জিআই দাবির ক্ষেত্রে অবহেলা রয়েছে, তারা আশা করেন টাঙ্গাইল শাড়ির বিষয়ে সরকার সক্রিয় হবে। আর সরকারের ওপর চাপ সৃষ্টি ও তা অব্যাহত রাখতে নানাভাবে প্রতিবাদ অব্যাহত রাখার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন